চাঁদাবাজির মামলায় সাংবাদিক শহিদুলের জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলায় চাঁদাবাজি মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক শহিদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক আফরোজা বেগম এ জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী ওবায়দুর রহমান কালু খান প্রথম আলোকে বলেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি শহিদুলকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় হাইকোর্টের স্বতঃপ্রণোদিত রুলের তদন্ত না হওয়া পর্যন্ত এ জামিন বহাল থাকবে।
অভিযোগ রয়েছে, গত শুক্রবার দুপুরে উপজেলার পূর্ব এনায়েতনগরে নির্বাচনী প্রচারণার সংবাদ সংগ্রহ করতে গেলে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাদল তালুকদারের সমর্থকেরা শহিদুলের ওপর নির্যাতন চালান। তাঁকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এ ছাড়া চেয়ারম্যান প্রার্থীর ছোট ভাই সরোয়ার তালুকদারসহ দুজনকে আটক করে পুলিশ। পরে রাতে চাঁদাবাজির মামলায় শহিদুলকে গ্রেপ্তার দেখানো হয়।