চাঁদাবাজির মামলায় সাংসদের ছেলে রিমান্ডে
দুটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রিফাত আমিনের ছোট ছেলে রাশেদ সরোয়ার ওরফে রুমনকে (৩২) জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার সাতক্ষীরা অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম হাবিবুল মাহমুদ এ আদেশ দেন।
সাতক্ষীরা আদালত পরিদর্শক মামুন-অর-রশিদ জানান, রাশেদ সরোয়ারের বিরুদ্ধে করা দুটি চাঁদাবাজির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১৯ সেপ্টেম্বর আদালতে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন সংশ্লিষ্ট দুজন তদন্ত কর্মকর্তা। গতকাল শুনানি শেষে আদালত যুবলীগ নেতা জুলফিকার আলীর করা মামলায় থানায় জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ ছাড়া ব্যবসায়ী সিরাজুল ইসলামের করা মামলায় কারাগারের ফটকে দুই দিন জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেছেন।
সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্যা জানান, এই দুটি মামলায় রাশেদ সরোয়ারকে ১৮ সেপ্টেম্বর দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।