চাঁদাবাজির মামলায় সাময়িক বরখাস্ত এসআই রিমান্ডে
চাঁদাবাজির অভিযোগে করা মামলায় রাজধানীর কোতোয়ালি থানার সাময়িক বরখাস্ত হওয়া উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন খানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার আদালত এ আদেশ দেন।
এই মামলায় জামিনে থাকা নুরুল আমিন খান গতকাল সকালে আদালতে হাজিরা দেন। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তাঁর জামিন বাতিল চেয়ে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। সকালে মহানগর হাকিম মোল্যা সাইফুল ইসলাম জামিন বাতিল করে নুরুল আমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিকেলে মহানগর হাকিম জাকির হোসেন টিপু রিমান্ডের আবেদনের শুনানি শেষে নুরুল আমিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলাটি তদন্ত করছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক কাজী গোলাম কবির। তদন্ত কর্মকর্তা আদালতে দেওয়া রিমান্ড প্রতিবেদনে উল্লেখ করেন, আসামি একজন পুলিশ কর্মকর্তা। এ ধরনের কাজ করে পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট করেছেন। এই মামলায় গ্রেপ্তার এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে কয়েকজনের নাম প্রকাশ করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নুরুল আমিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এই মামলায় অভিযোগ করা হয়, ২০১৪ সালের ২৭ ডিসেম্বর এজাহারকারী বিমল চন্দ্র আইচকে বেআইনিভাবে আটক করেন কোতোয়ালি থানার তৎকালীন এসআই নুরুল আমিন খান। তিনি খুন ও জখমের ভয় দেখিয়ে বিমল চন্দ্রকে শারীরিকভাবে নির্যাতন করেন। অপর সহযোগী আসামিসহ বাদীকে দিয়ে জোরপূর্বক একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নগদ ১৪ লাখ টাকা আনিয়ে তা নিয়ে নিজের কাছে রাখেন। নুরুল আমিন ও অন্য আসামিরা বাদীকে আটক করে তাঁর মাইক্রোবাস নিয়ে যান। আসামিরা বাদীর মাইক্রোবাস বিক্রি বাবদ ২০ লাখ টাকা দাম দেখিয়ে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সই করিয়ে নেন। এ ঘটনায় গেন্ডারিয়া থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা করেন বাদী। এই মামলায় গ্রেপ্তার শামীম খান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ওই ঘটনার পর এসআই নুরুল আমিন খানকে সাময়িক বরখাস্ত করা হয়। গত বছরের ১৪ জুলাই তিনি আদালত থেকে জামিন নেন।