চাঁদাবাজির মামলায় ১৪ হিজড়া গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে রাজধানীর বনানী এলাকা থেকে ১৪ হিজড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা এসব হিজড়ার মধ্যে ১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। বাকি ১৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান এই আদেশ দেন।
জানতে চাইলে বনানী থানার ওসি সালাহউদ্দিন খান প্রথম আলোকে বলেন, গত সোমবার বনানীর তিনটি প্রতিষ্ঠানে এসব হিজড়া চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ভয়ভীতি দেখায়। এমনকি তাঁরা টাকাপয়সা ছিনিয়েও নেয়। এ খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে ২২ জনের মধ্যে ১৪ হিজড়াকে গ্রেপ্তার করা হয়।
মামলার নথিপত্র অনুযায়ী, বনানীর ১১ নম্বর রোডের সি ব্লকে মাদার্স কেয়ার নামের একটি প্রতিষ্ঠানে সোমবার বেলা ১১টার দিকে ২২ জন হিজড়া যায়। এরপর তারা চাঁদা দাবি করে। কিন্তু ওই প্রতিষ্ঠানের এক কর্মচারী তাদের বলেন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নেই। আপনারা পরে আসেন। এ কথা শোনার পরও প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাতে থাকে হিজড়ারা। পরে বাধ্য হয়ে পুলিশকে খবর দেন ওই প্রতিষ্ঠানের এক কর্মচারী।
মামলার বাদী এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘মাদার্স কেয়ার নামের প্রতিষ্ঠানে আমি চাকরি করি। বেলা ১১টার দিকে আমাদের প্রতিষ্ঠানে ঢুকে পড়ে হিজড়ারা। এরপর জোরপূর্বক চাঁদা দাবি করে। এরপর আমাদেরকে নানাভাবে হয়রানি করতে থাকে তারা। পরে বনানী থানা-পুলিশকে খবর দিলে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়, হিজড়ারা জোরপূর্বক চাঁদা আদায় ও টাকা ছিনতাই করে।