চাঁদাবাজেরা বাধা হতে পারে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের যানজট সহনীয় পর্যায়ে নিয়ে আসতে নগরের সব বাস পরিচালনার দায়িত্ব একটি ব্যবস্থাপনা কমিটির অধীনে আনার উদ্যোগে বাধা হয়ে দাঁড়াতে পারে পরিবহন খাতে লুকিয়ে থাকা চাঁদাবাজেরা। এই আশঙ্কার কথা জানিয়েছেন পরিবহন মালিক সংগঠনের নেতারা।

বর্তমানে চট্টগ্রাম নগরে পরিবহন মালিকদের ৯টি সমিতি ও জেলায় ১৮টি সমিতি রয়েছে। প্রতিটি সমিতি তাদের নিজস্ব নিয়মে বাসগুলো পরিচালনা করে। একটির সঙ্গে অন্যটির সমন্বয় না থাকায় প্রতিদিন বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। নগরের সড়কগুলোর মোড়ে বাস দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা করে। পেছনের বাসগুলোকে আটকে রাখতে সামনের বাসের চালক নিজেরটা আড়াআড়িভাবে দাঁড় করায়। এতে পেছনের অন্য গাড়িও আটকে যাচ্ছে। এটি যানজটের অন্যতম কারণ। এই অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতে মোড় থেকে কিছু দূরে যাত্রীছাউনি করার পাশাপাশি একই ব্যবস্থাপনায় বাস পরিচালনার উদ্যোগ নেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

নতুন ব্যবস্থাপনায় প্রতিটি মোড়ের অদূরে যাত্রীছাউনির কাউন্টার থেকে টিকিট করে উঠবে যাত্রীরা। দিন শেষে টিকিট বিক্রির অর্থ যোগ করে আসনের সংখ্যা অনুপাতে বাসের মালিকদের টাকা দেওয়া হবে। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনাবাহিনী পরিবহন খাতে শৃঙ্খলা আনতে এ রকম একটি উদ্যোগ নিয়েছিল। তবে এটি বাস্তবায়নের পর্যায়ে রাজনৈতিক সরকার এলে এই উদ্যোগ চাপা পড়ে যায়।

বর্তমানে চট্টগ্রাম নগরের ট্রাফিক ব্যবস্থার চরম বিশৃঙ্খলায় কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে মেয়র গণপরিবহনের সব বাসকে একই ছাতার নিচে আনার কথা বলছেন। গত শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে তিনি বলেন, নগরের যাত্রীবাহী বাসগুলোর পরিচালনব্যবস্থা একটি ব্যবস্থাপনা কমিটির আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে। তাতে নগরে যানজট সহনীয় পর্যায়ে নেমে আসবে।

মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘গণপরিবহনে শৃঙ্খলা আনতে আমি একটি ব্যবস্থাপনার কথা বলেছি। এর দায়িত্বে পরিবহন মালিকেরা থাকবেন। তৃতীয় কোনো ব্যক্তিকে আমরা এখানে সম্পৃক্ত করতে চাই না।’

এই ব্যবস্থা কেমন হবে জানতে চাইলে চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘নগরের বাসগুলো একই ব্যবস্থাপনায় পরিচালনার জন্য আমাদের পুলিশ কমিশনার সম্প্রতি একটি সভায় প্রস্তাব দেন। কিন্তু এই প্রক্রিয়া বাস্তবায়ন করা পুলিশের জন্য অনেক জটিল। নগরের অভিভাবক হিসেবে মেয়র এটি বাস্তবায়নের কথা ভাবছেন। জনপ্রতিনিধি হিসেবে তাঁর জন্য এটা কঠিন কাজ নয়। সময়োপযোগী এই উদ্যোগ বাস্তবায়নে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।’

তবে পরিবহন খাতের চাঁদাবাজেরা মেয়রের এই উদ্যোগে প্রধান বাধা মনে করছেন পরিবহন মালিক সংগঠনের নেতারা। তাঁরা জানান, একই ব্যবস্থাপনায় গণপরিবহন পরিচালিত হলে মালিক ও শ্রমিক উভয় পক্ষ লাভবান হবে। কিন্তু চাঁদাবাজেরা তা বাস্তবায়ন করতে দেবে কিনা সন্দেহ।

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জুরুল আলম বলেন, ‘এ ব্যাপারে সপ্তাহ দু-এক আগে আমরা মেয়রের সঙ্গে বৈঠক করেছি। এ উদ্যোগ বাস্তবায়ন হলে গণপরিবহনে শৃঙ্খলা ফিরে আসবে।’ তিনি আরও বলেন, পরিবহন খাতে চাঁদাবাজদের দৌরাত্ম্য রয়েছে। মালিক ও শ্রমিক উভয় শ্রেণির কিছু লোক চাঁদাবাজি করে। এরা মেয়রের উদ্যোগ কি বাস্তবায়ন করতে দেবে? চাঁদাবাজদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম মহাসচিব গোলাম রসুল প্রথম আলোকে বলেন, নগরের একটি বাস থেকে প্রতিদিন ১০০-১২০ টাকা চাঁদা নেওয়া হয়। তবে তিনিও চাঁদবাজদের পরিচয় সম্পর্কে স্পষ্ট কিছু বলেননি।

চাঁদাবাজি সম্পর্কে ট্রাফিক পুলিশের উপকমিশনার সুজায়েত ইসলাম বলেন, ‘পরিবহন মালিক বা শ্রমিক সংগঠনের নেতারা কখনো আমাদের কাছে অভিযোগ করেননি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।’

পুলিশের ট্রাফিক বিভাগ সূত্র জানায়, ১ হাজার ৪০০ বাস নগরের বিভিন্ন রুটে যাত্রী পরিবহনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অনুমোদন দেয়। সর্বশেষ ১ হাজার ৮৪ বাসের নিবন্ধন নবায়ন হয়। কিন্তু গত ৫ আগস্ট থেকে গণপরিবহনের ওপর নগর ট্রাফিক পুলিশ জরিপ শুরু করে। এতে ৫৫৯ বাস জরিপে অংশ নেয়। জরিপের বাইরে আরও দুই শতাধিক বাস থাকতে পারে বলে পুলিশ ও মালিক সংগঠনের নেতারা জানিয়েছেন।