চাঁদার জন্য তাঁরা কিছুদিন পর পর মানুষ খুন করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করে বলেছেন, নারায়ণগঞ্জের মানুষকে ভয় দেখিয়ে চাঁদা আদায়ের জন্য শামীম ওসমান ও তাঁর পরিবার কিছুদিন পর পর মানুষ খুন করেন। শামীম ওসমান নারায়ণগঞ্জের মানুষকে মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যেতে চান।মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জে এক গণসমাবেশে মেয়র এ অভিযোগ করেন। শহরের ২ নম্বর রেলগেট এলাকায় সৈয়দ আলী চেম্বারের সামনে আয়োজিত সমাবেশে আইভী বলেন, ‘ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে টানবাজারের ব্যবসায়ী ভুলু সাহাকে খুন করা হয়েছে। একইভাবে সংস্কৃতিকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়াতে নাট্যকার চঞ্চলকে (পুরো নাম দিদারুল আলম) খুন করা হয়েছে। কেননা সংস্কৃতিকর্মীরা ওসমান পরিবারের সন্ত্রাসের বিরোধিতা করেন। ব্যবসায়ী আশিককে নাসিম ওসমান এমপির (জাতীয় পার্টির সাংসদ) ছেলে আজমেরী ওসমান তাঁর দুই সহযোগী সিজার ও সিদ্দিকের মাধ্যমে বাসা থেকে ডেকে নিয়ে খুন করেছেন। গাবতলী এলাকার মিঠুকেও খুন করেছেন আজমেরী ওসমান।’‘চঞ্চলের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধারের পর বন্দর থানার তৎকালীন ওসি আক্তার (বর্তমানে ফতুল্লা থানার ওসি) বেওয়ারিশ হিসেবে সিটি করপোরেশনের মাসদাইর কবরস্থানে দাফন করে ঘটনা ধামাচাপা দিতে চেয়েছিলেন। আশিক হত্যা মামলার অভিযোগপত্রে সিজারকে পলাতক দেখিয়ে অব্যাহতি দিয়েছে পুলিশ। যদিও সিজার দিনে উত্তর চাষাঢ়া ও রাতে বেপারীপাড়ায় শ্বশুরবাড়িতে থাকেন।’ বলেন মেয়র।আইভী আরও বলেন, ‘শামীম ওসমান হেফাজতে ইসলামের সঙ্গে বাগে জান্নাত মসজিদে গোপন বৈঠক করে নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু, চার নেতাসহ মুক্তিযুদ্ধের যেসব ভাস্কর্য, শহীদ মিনার রয়েছে, সেগুলো ভেঙে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য উসকানি দিয়েছেন; যাতে ত্বকী হত্যা মামলা ধামাচাপা পড়ে যায়।’নারায়ণগঞ্জ পুলিশের উদ্দেশে আইভী বলেন, ‘ত্বকীর হত্যাকারীদের গ্রেপ্তারে সরকার ও দলের শীর্ষ পর্যায় থেকে কোনো বাধা নেই। আপনারা ত্বকীর খুনিদের গ্রেপ্তার করুন, নইলে নারায়ণগঞ্জের মানুষ রাস্তায় নেমে আসবেন।’বিশিষ্ট অর্থনীতিবিদ এবং তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহামঞ্চদ বলেন, ‘ত্বকীকে হত্যা করে নারায়ণগঞ্জের গডফাদার একাত্তরের যুদ্ধাপরাধীদের মতোই অপরাধ করেছেন। সরকারের এখন পরীক্ষা দেওয়ার সময় এসেছে, তারা ত্বকী হত্যাকারী সন্ত্রাসীদের পক্ষে থাকবে, নাকি ত্বকী হত্যার বিচার করবে।’ আনু মুহাম্মদ আরও বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী যেমন বিএনপির রাজনীতির জন্য কোনো কল্যাণ বয়ে আনেননি, তেমনি শামীম ওসমান ও জয়নাল হাজারীরা আওয়ামী লীগের বোঝা।’নিহত ত্বকীর বাবা ও নারায়ণগঞ্জ নাগরিক, সামাজিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি বলেন, ‘শহরের কলেজ রোড এলাকায় আজমেরী ওসমানের টর্চার সেলে (নির্যাতন কেন্দ্র) ত্বকীকে অপহরণের পর আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পুলিশ শামীম ওসমানদের টর্চার সেলগুলো এখনো বন্ধ করেনি। ত্বকী হত্যাকাণ্ডের এক মাস অতিবাহিত হলেও পুলিশ তদন্তের অগ্রগতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। শামীম ওসমান, নাসিম ওসমান ও সেলিম ওসমান—এ তিন ভাই এখন ত্বকী হত্যার প্রতিবাদকারীদের কণ্ঠ স্তব্ধ করে দিতে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন।’ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, নগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নিহত নাট্যকার দিদারুল আলম চঞ্চলের মা খালেদা আক্তার, জেলা মহিলা পরিষদের সভানেত্রী রিনা আহমেঞ্চদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুদ ইমরান, খন্দকার নাসরিন প্রমুখ।