চাঁদার জন্য ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে কুপিয়ে আবদুল কাদের (৩৫) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে।এই হত্যার প্রতিবাদে গতকাল বুধবার সকালে এলাকাবাসী ও ব্যবসায়ীরা মিছিল-সমাবেশ ও সড়ক অবরোধ করেন।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গতকাল রুবেল নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ও নিহত কাদেরের পারিবারিক সূত্র জানায়, ফেনী সদর উপজেলার রানীরহাট বাজারে নিহত কাদেরের পারিবারিক মুক্তা চিঁড়ার মিল, ধানের আড়ত ও পরিবহন ব্যবসা রয়েছে। তাঁরা বাজারের পাশেই বাড়ি নির্মাণের জন্য মাটি ভরাট শুরু করলে কয়েক দিন আগে যুবলীগের কর্মী হিসেবে পরিচিত লোকমান, নিজাম উদ্দিন, সাইফুল, সুজন ও রিপনের নেতৃত্বে সন্ত্রাসীরা দুই লাখ টাকা চাঁদা দাবি করে। কাদের ও তাঁর ভাইয়েরা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন। মঙ্গলবার সকালে কয়েকজন সন্ত্রাসী আবারও চাঁদার জন্য গেলে ব্যবসায়ী কাদের ও তাঁর আত্মীয়স্বজনের সঙ্গে তর্কবিতর্ক ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাঁরা সন্ত্রাসী নিজাম উদ্দিনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।এরপর বিকেলে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী এসে কাদেরের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে। তারা প্রথমে আট-দশটি বোমা ফাটিয়ে লোকজনকে সরিয়ে দেয়। এরপর চাইনিজ কুড়াল ও কিরিচ দিয়ে কাদেরকে কুপিয়ে এবং উপর্যুপরি চুরিকাঘাত করে ফেলে যায়।