চাঁদার জন্য হকারকে মারধর, প্রতিরোধে পালাল সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদার দাবিতে চট্টগ্রাম নগরের নিউমার্কেটের সামনে এক হকারকে মারধর করেছে সন্ত্রাসীরা। পরে হকারেরা সম্মিলিতভাবে সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। গতকাল বুধবার বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে এ ঘটনা ঘটে।
হকারদের অভিযোগ, জনৈক রাজু নামে এক যুবকের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল নিউমার্কেটের সামনে ফুটপাতে বসা হকার মো. মঞ্জুর কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে রাজু ও তার সহযোগীরা তাঁকে মারধর করে। এই ঘটনা দেখে আশপাশের হকারেরা লাঠিসোঁটা নিয়ে সন্ত্রাসীদের প্রতিরোধে এগিয়ে গেলে তারা পালিয়ে যায়।
চট্টগ্রাম সম্মিলিত হকার ফেডারেশনের সাধারণ সম্পাদক জসিম মিয়া বলেন, ‘রাজু নামে এক যুবক চাঁদাবাজি করার চেষ্টা করে এবং এক হকারকে মারধর করে। পরে আমরা সবাই মিলে তাদের ধাওয়া দিই।’
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, হকাররা চাঁদাবাজদের ধাওয়া দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।