চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে হামলা, শ্রমিক লীগ নেতাসহ আহত ৪
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাস কাউন্টার দখল ও চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শ্রমিক লীগের স্থানীয় এক নেতা আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার রাধাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ছয়জনকে আটক করেছে।আহত ওই নেতার নাম শেখ আমিরুজ্জামান (৪০)। তিনি কোটালীপাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি। আহত অপর তিনজন হচ্ছেন আমির হোসেন (৩৬), হাবিব শেখ (৩৮) ও ফিরোজ শেখ (৩২)। তাঁদের মধ্যে হাবিব শেখ ও আমিরুজ্জামানকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমিরুজ্জামানের হাত ভেঙে গেছে। কোটালীপাড়া থানার সূত্রে জানা গেছে, রাধাগঞ্জ বাজারে লোকাল বাসের টিকিট বিক্রির একটি কাউন্টার রয়েছে। ওই কাউন্টারটি দখল ও লোকাল বাস থেকে আদায় করা চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে কুশলা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেনের সঙ্গে শ্রমিক লীগের নেতা আমিরুজ্জামানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল দুপুরে ইলিয়াস হোসেন ও আমিরুজ্জামানের মধ্যে বাজার এলাকায় কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইলিয়াস হোসেন ও তাঁর লোকজন দেশে তৈরি অস্ত্র নিয়ে আমিরুজ্জামানের রাধাগঞ্জ বাজারের দলীয় কার্যালয়ে হামলা চালান। এতে আমিরুজ্জামানসহ চারজন আহত হন। কোটালীপাড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিক লীগ নেতা আমিরুজ্জামান জানান, বাসের কাউন্টারটি তাঁদের দখলেই আছে। ইলিয়াস এটি দখলের জন্য তাঁদের কার্যালয়ে হামলা চালিয়েছে। তিনি কোনো বাস থেকে চাঁদা আদায় করতেন না। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস হোসেন বলেন, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল বিশ্বাস শ্রমিক লীগের নেতা আমিরুজ্জামানকে সমর্থন করেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ইলিয়াস হোসেনকে সমর্থন করেন। এ ঘটনায় আমিরুজ্জামান মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, ‘আমি কাউকে সমর্থন করি না।’ আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘আমি কেউকে সমর্থন করিনি।’