চাঁদার টাকার ভাগ নিয়ে আওয়ামী লীগের ওপর যুবলীগের হামলা
মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীবাহী বাস থেকে তোলা চাঁদার টাকার ভাগবাটোয়ারা নিয়ে কোন্দলে গতকাল মঙ্গলবার স্থানীয় যুবলীগ কর্মীদের হামলায় আওয়ামী লীগের তিন কর্মী-সমর্থক আহত হয়েছেন। এ সময় যুবলীগের কর্মীরা দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটান। দুটি দোকানে আংশিক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া লোকাল বাস থেকে মোটর শ্রমিক ইউনিয়ন এতদিন চাঁদা তুলত। কিন্তু ঈদের দুই দিন পর স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের তাড়িয়ে নিজেরা চাঁদা তোলার দায়িত্ব নেন। জেলা আওয়ামী লীগের সভাপতির লোক হিসেবে পরিচিত আওয়ামী লীগের কর্মী এলেম মোল্লা ও জেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক এটা নিয়ন্ত্রণ করছেন। তাঁরা কর্মী নিয়োগ করে চাঁদা তুলতে থাকেন। কয়েক দিন ধরে ওই চাঁদার টাকার ভাগবাটোয়ারা নিয়ে এলেম মোল্লা ও এনামুল হকের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। গতকাল বিকেল চারটার দিকে এনামুল হকের সমর্থকেরা টার্মিনাল এলাকায় এলেম মোল্লার সমর্থকদের ওপর হামলা করে। হামলাকারীরা এলেম মোল্লার সমর্থক টার্মিনালের মুদি দোকানি মো. ওহিদুজ্জামান (৫৫) ও এস এ পরিবহনের কর্মচারী মো. আকিদুল ইসলামকে (৩৫) কুপিয়ে আহত করে। তারা টার্মিনাল এলাকায় দুটি হাতবোমারও বিস্ফোরণ ঘটায়। বোমার আঘাতে এলেম মোল্লার আরেক সমর্থক মো. শফিউল মোল্লা (২০) আহত হন। তাঁদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার প্রত্যক্ষদর্শী মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষে চাঁদা তোলার দায়িত্বে থাকা ইলিয়াস মোল্লা বলেন, ‘চাঁদার টাকা ভাগবাটোয়ারা নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে। হামলার সময় এলেম মোল্লার লোকজন টার্মিনাল এলাকায় তেমন একটা ছিল না। আমরা বাসপ্রতি ৪০০ টাকা করে তুলতাম। কিন্তু তারা প্রতিটি বাস থেকে ৭০০ টাকা করে চাঁদা তুলছিল। প্রতিদিন ৩০-৩৫টি বাস মাগুরা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।’ চাঁদার টাকা ভাগবাটোয়ারা নিয়ে ওই ঘটনা ঘটেছে স্বীকার করেছেন আওয়ামী লীগের কর্মী এলেম মোল্লা।জেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক বলেন, ‘এলেম মোল্লার সঙ্গে বাস থেকে তোলা চাঁদার টাকা ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলছিল। একপর্যায়ে বিষয়টি স্থানীয় পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়ে। ঘটনাটির সঙ্গে আমি জড়িত নই। আগ্নেয়াস্ত্র প্রদর্শনের বিষয়টিও সঠিক নয়।’ মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মাজেদ বলেন, ‘হামলার ঘটনাটি মূলত চাঁদার টাকা ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের কারণে ঘটেছে। অস্ত্র প্রদর্শনের বিষয়টি একপক্ষের কাছ থেকে শুনেছি, তাই সঠিক বলতে পারছি না। তবে দুটি বোমার বিস্ফোরণ হয়েছে। তিনজন আহত এবং দুটি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।’