চাঁদার দাবিতে ইট ভাটায় সন্ত্রাসী হামলা, আহত ৫
লক্ষ্মীপুর সদর উপজেলার সৈয়দপুর গ্রামের আবুল খায়েরের ইটভাটায় চাঁদার দাবিতে ফের হামলা হয়েছে। এতে পাঁচজন শ্রমিক আহত হয়েছেন।গতকাল শনিবার ভোরে উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর হোসেন শামিমের নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।এলাকাবাসীর ভাষ্যমতে, ১০-১৫ জনের একটি দল ভোরের দিকে গুলি ছুড়তে ছুড়তে আবুল খায়েরের ইটভাটায় ঢুকে পড়ে। তারা ইটভাটার শ্রমিকদের মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরে পুলিশ ও এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরাও ঘটনাস্থল ত্যাগ করে।সরেজমিনে দেখা গেছে, ইটভাটার কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। সেখানে কর্মরত কাউকেই পাওয়া যায়নি। ইটভাটার মালিক কবির মোল্লা অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান নূর হোসেন সম্প্রতি তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় এ হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীদের ভয়ে শ্রমিকেরা ইটভাটা ছেড়ে চলে গেছেন। তিনিও লক্ষ্মীপুরের বাইরে অবস্থান করছেন। কবির মোল্লা বলেন, এর আগে ১২ নভেম্বর রাতেও তাঁর ইটভাটায় হামলা চালানো হয়। এ ঘটনায় নূর হোসেনকে প্রধান আসামি করে সদর থানায় একটি মামলা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে গতকাল হামলা চালানো হয়। এ ব্যাপারে কথা বলতে নূর হোসেনের ইউপি কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। এ ছাড়া তাঁর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুন রশিদ ফাঁকা গুলি ও শ্রমিকদের মারধরের ঘটনাটি নিশ্চিত করেছেন।