চাঁদার দাবিতে গুলি ও বোমা হামলা, আতঙ্কে ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদার দাবিতে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ব্যবসায়ী আদিত্য মজুমদারের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে নয় দিনের ব্যবধানে গুলি ও বোমা হামলা হয়েছে। ওই ব্যবসায়ী এখন আতঙ্কে আছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর রাতে সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে নওয়াপাড়া পৌরসভার প্রত্যন্ত চেঙ্গুটিয়ায় অবস্থিত মজুমদার অটো চালকলের নিরাপত্তা প্রহরী আবদুর রাজ্জাককে (৫৬) গুলি করে। ধার্য করা ১০ লাখ টাকা চাঁদা পরিশোধের চিঠি মালিককে পৌঁছে দিতে অস্বীকার করায় তারা পিস্তল দিয়ে তাঁর বাঁ পায়ের ওপরের অংশে গুলি করে। আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আবদুর রাজ্জাকের বাড়ি মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামে। পরদিন চালকলের অন্য নিরাপত্তা প্রহরী প্রভাত কুমার হালদার অভয়নগর থানায় এ ব্যাপারে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।ওই ঘটনার নয় দিন পর গত সোমবার রাতে দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেলে এসে উপজেলার নওয়াপাড়ার স্টেশনবাজার এলাকায় অবস্থিত মজুমদার ট্রেডার্স লক্ষ্য করে দুটি হাতবোমা নিক্ষেপ করে। ব্যবসাপ্রতিষ্ঠানটি এ সময় বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি।মজুমদার ট্রেডার্স সার ও খাদ্যশস্য আমদানিকারী দেশের অন্যতম বড় প্রতিষ্ঠান এবং মজুমদার অটো চালকল তাদের সহযোগী ব্যবসাপ্রতিষ্ঠান। এ ব্যাপারে আদিত্য মজুমদার প্রথম আলোকে বলেন, ‘নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির পরিচয়ে আমার কাছে মুঠোফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। আমি চাঁদা দিতে রাজি হইনি। বিষয়টি আমি পুলিশকে জানাই। পরে আমি ব্যবসার কাজে ভারতে যাই। ওই সময় আমার চালকলের একজন নিরাপত্তা প্রহরীর পায়ে গুলি করা হয়। এরপর সোমবার রাতে আমার অন্য ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। চাঁদা না পাওয়ায় এমনটা ঘটেছে। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস ছালেক জানান, মজুমদার ট্রেডার্স লক্ষ্য করে ছোড়া বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। নিরাপত্তা প্রহরীর পায়ে গুলি করার ঘটনার পর থেকে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। চাঁদা দাবি ছাড়াও অন্য বিষয় থাকতে পারে মন্তব্য করে তিনি জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।