ভেড়ামারা রেন্টাল বিদ্যুৎকেন্দ্র
চাঁদার দাবিতে নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হুমকির অভিযোগ
কুষ্টিয়ার ভেড়ামারায় নির্মাণাধীন ১১০ মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কাছে চাঁদার দাবি করে হুমকি-ধমকি দিচ্ছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার প্রকল্প এলাকায় সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ অভিযোগ করেছেন।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নির্মাতা প্রতিষ্ঠান কোয়ান্টাম পাওয়ার সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনিমেষ কুণ্ডু এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা সালেহ মুজাহিদ, মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।কর্মকর্তারা জানান, নির্মাণকাজ শুরুর পর থেকেই ভেড়ামারা এলাকার কিছু প্রভাবশালীর ছত্রচ্ছায়ায় স্থানীয় সন্ত্রাসীরা চাঁদার দাবিতে হুমকি-ধমকি দিচ্ছে। চাঁদা না দিলে অপহরণের ভয়ও দেখানো হচ্ছে। সন্ত্রাসীরা রাতের বেলায় প্রকল্পের ভেতরে এসে গত কয়েক মাসে প্রায় ৩০ লাখ টাকার যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে। গত সোমবার রাতে চুরির সময় নিরাপত্তারক্ষীরা দুজনকে আটক করে। এ ব্যাপারে ভেড়ামারা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক অনিমেষ কুণ্ডু বলেন, সন্ত্রাসীদের হুমকির কারণে কর্মকর্তারা খুবই শঙ্কিত। এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে বাকি কাজ শেষ করা কঠিন হয়ে পড়েছে।