চাঁদার দাবিতে প্রবাসীর বাড়ি লক্ষ্য করে বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ধার্যকৃত পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে শনিবার রাত পৌনে আটটার দিকে দুবাইপ্রবাসী আবদুল কুদ্দুসের (৪২) বাড়িতে এ বোমা হামলা চালানো হয়।আবদুল কুদ্দুস বর্তমানে দেশে অবস্থান করছেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। সন্ত্রাসীরা চাঁদা দাবি করায় তিনি এক সপ্তাহ আগে অভয়নগর থানায় একটি জিডি করেছিলেন। আবদুল কুদ্দুস জানান, কয়েক দিন ধরে ০১৮৪৯৬২৬১২০ নম্বর থেকে তাঁর মুঠোফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। দাবি করা চাঁদার টাকা সময়মতো না দিলে তাঁর জীবন নাশের হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় তিনি ওই নম্বর উল্লেখ করে গত ২৯ সেপ্টেম্বর অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অভয়নগর থানার ওসি কাজী আবদুস ছালেক বলেন, বোমা হামলার সময় কিছুটা দূরে পুলিশ টহল দিচ্ছিল। বাড়ির পেছন দিক দিয়ে এ হামলা চালানো হয়েছে।