রাজধানীর পুরান ঢাকায় গতকাল বিকেলে সন্ত্রাসীদের গুলিতে এক আবাসন ব্যবসায়ী আহত হয়েছেন। চাঁদার দাবিতে সন্ত্রাসী ডাকাত শহীদের সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন আহত ব্যবসায়ীর ব্যবসায়িক অংশীদার।রক শেল্টার ডেভেলপার নামে আবাসন কোম্পানির চেয়ারম্যান আবু আসাদুল্লাহকে (৪০) গতকাল বিকেলে দয়াগঞ্জ এলাকায় গুলি করে সন্ত্রাসীরা। তাঁর দুই পায়ে গুলি লাগে। আহত অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়।ঘটনার প্রত্যক্ষদর্শী আসাদুল্লাহর ব্যবসায়িক অংশীদার ও রক শেল্টার ডেভেলপারের পরিচালক মনির হোসেন হাসপাতালে সাংবাদিকদের জানান, জুরাইনে একটি নির্মাণাধীন ভবনের কাজ পরিদর্শনের জন্য তিনি ও আসাদউল্লাহ রিকশায় করে যাচ্ছিলেন। পথে দয়াগঞ্জ জাহাঙ্গীরনগর হাসপাতালের সামনে মোটরসাইকেল আরোহী দুই সন্ত্রাসী আসাদউল্লাহকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।মনির হোসেন সাংবাদিকদের জানান, এক মাস আগে ডাকাত শহীদ পরিচয়ে আসাদউল্লাহর কাছে ৫০ লাখ টাকা দাবি করা হয়। শেষ পর্যন্ত গত রোববার এ অংশ ১০ লাখে এসে ঠেকে। এ বিষয়ে আসাদ সূত্রাপুর থানায় একটি জিডিও করেছেন। এই ঘটনার জের ধরেই তাঁকে গুলি করা হয়েছে বলে মনিরের ধারণা।ঘটনাস্থল সূত্রাপুর ও গেন্ডারিয়া থানার মধ্যবর্তী স্থানে। দুই থানার পুলিশই ঘটনার খোঁজখবর নিচ্ছে। তবে কোনো থানাতেই গতকাল রাত ১১টা পর্যন্ত এসংক্রান্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি।এদিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্মকর্তারা গত মার্চেই দাবি করেছিলেন, ডাকাত শহীদের বাহিনী ভেঙে পড়েছে। এ বিষয়ে গতকাল ডিবির একজন সহকারী কমিশনার বলেন, ডাকাত শহীদ এখন আবারও বাহিনী গোছানোর চেষ্টা করছেন।সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে আবারও ডাকাত শহীদ চাঁদার দাবিতে টেলিফোনে হুমকি দিচ্ছে, এ রকম অভিযোগ আসা শুরু হয়েছে।