চাঁদার দাবিতে লক্ষ্মীপুরে মার্কেটে হামলা ও ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদার দাবিতে লক্ষ্মীপুর সদর উপজেলার রিফুজি মার্কেটে গত বৃহস্পতিবার রাতে হামলা চালিয়ে ৩০টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার রিফুজি মার্কেটের ব্যবসায়ীরা সাধারণত শসাচাষি। সম্প্রতি এক দল সন্ত্রাসী শসাচাষিদের কাছে মণপ্রতি ১০ টাকা ও ট্রাকপ্রতি ৬০০ টাকা চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানান চাষিরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে মার্কেটের ৩০টি দোকানে ভাঙচুর চালিয়ে মালামাল লুট করে। সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী শাহ আলম, আজাদ, মানিক, জহির, রহিম, সিরাজ ও একরামসহ ১৫ জন আহত হন। তাঁরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা নিয়েছেন। লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়া জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে এখনো কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।