চাঁদার দাবিতে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর, প্রতিবাদে বিক্ষোভ
নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার এলাকায় গত শুক্রবার রাতে চাঁদার দাবিতে এক স্বর্ণ ব্যবসায়ীকে সন্ত্রাসীরা মারধর করেছে। এ ঘটনার প্রতিবাদে ওই বাজারের স্বর্ণ ব্যবসায়ীরা গতকাল শনিবার দুপুরে এক ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।স্বর্ণ ব্যবসায়ী তপন চন্দ্র দাস অভিযোগ করেন, কালীরবাজার এলাকার বৈশাখী জুয়েলার্সের মালিক বিপ্লবের কাছে কয়েক দিন ধরে চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। গত শুক্রবার রাত ১০টার দিকে ১০-১২ জন সন্ত্রাসী ফের চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা বিপ্লবকে মারধর করে। এ ঘটনায় বিপ্লবের বড় ভাই তপন গতকাল নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।স্বর্ণ ব্যবসায়ীরা এক ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে কালীরবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ থেকে এ ঘটনার জন্য দায়ী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করা হয়।নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতিয়ার রহমান জানান, মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।