চাঁদার বিনিময়ে ঝুঁকিপূর্ণ সেতু পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বাঙ্গালী নদীর বথুয়াবাড়ী ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দিয়ে চাঁদার বিনিময়ে ভারী যানবাহন চলাচলের সুযোগ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকার পরেও এ সেতু পাহারা দেওয়ার দায়িত্বে নিয়োজিত তিন শ্রমিক চাঁদা আদায়ের কাজটি করছেন। আর তাঁদের নিয়ন্ত্রণ করেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। ভারী যানবাহন চলায় যেকোনো মুহূর্তে সেতুটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়ার ধুনট উপজেলার বাঙ্গালী নদীর ওপর তিন কোটি টাকা ব্যয়ে বথুয়াবাড়ী বেইলি সেতুটি নির্মাণ করা হয়। এ সেতুর ওপর দিয়ে সর্্বোচ্চ ১০ টন ধারণক্ষমতার যানবাহন চলাচলের নিয়ম করা হলেও তা মানা হয়নি। অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল করায় গত বছরের ২২ ডিসেম্বর পর্যন্ত ১৩ বার ভেঙে পড়েছিল। এ কারণে সেতুটি হালকাভাবে মেরামত করে ভারী যানবাহন চলাচল বন্ধ করতে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে ধুনট ও শেরপুর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়। এ কাজের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বথুয়াবাড়ী গ্রামের দুলাল হোসেন, আবু বক্কার ও ছানোয়ার নামের তিনজন শ্রমিককে পাহারাদার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই তিন পাহারাদারকে নিয়ন্ত্রণ করেন স্থানীয় গোলজার হোসেন। বথুয়াবাড়ী এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, ওই সেতুর অবস্থা এখন খুবই খারাপ। এর বেশির ভাগ স্টিলের পাটাতনই ভাঙাচোরা। এ কারণে এর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। গুলজার হোসেন ওই পাহারদারদের দিয়ে অতিরিক্ত ওজনের ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায় করে তাঁদের সেতু পার হওয়ার সুযোগ করে দিচ্ছেন। দিনের বেলা ট্রাকপ্রতি ৩০ থেকে ৫০ ও রাতের বেলা ৫০ থেকে ১০০ টাকা করে আদায় করা হচ্ছে। গোলজার হোসেন জানান, ‘আমাকে স্থানীয় এমপি সাহেব সেতুটি দেখাশোনার জন্য লোক নিয়োগের দায়িত্ব দিয়েছেন। সে কারণে আমি তিনজন লোক নিয়ে পাহারাদার হিসেবে রেখেছি। তাঁদের বেতনের জন্য প্রতিটি গাড়ি থেকে কিছু টাকা আদায় করছি। ভারী যানবাহনগুলো সব এলাকার নেতাদের। এ কারণে তাঁদের নিষেধ করতে পারি না। আমি জোর করে কোনো চাঁদা আদায় করি না।’ বগুড়া জেলা সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হামিদুল হক বলেন, ‘গোলজার যে তাঁর লোকজন দিয়ে টাকা আদায় করছেন, তা আমি শুনেছি। এ কারণে ধুনট ও শেরপুর থানা পুলিশকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।’ ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক জানান, পুলিশের সামনে কেউ চাঁদা দেওয়ার কথা স্বীকার করে না। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।