
বর্ষার সময় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাতনাবাদ ও বালিয়াঘাট্টায় সংস্কারকাজ করতে গিয়ে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সংস্কারকাজ হিতে বিপরীত হয়ে গত শুক্রবার থেকে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বর্তমানে ২৮ কিলোমিটার বেশি ঘুরে আমনূরা-গোদাগাড়ী সড়ক হয়ে বাস চলাচল করছে। সর্বোচ্চ সোয়া ঘণ্টার পথে সময় ব্যয় হচ্ছে এখন আড়াই থেকে তিন ঘণ্টা। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, দীর্ঘদিন সংস্কার না করায় মহাসড়কের হাতনাবাদ ও উত্তর বালিয়াঘাট্টায় বড় বড় গর্তের সৃষ্টি হয়। এ কারণে সড়কটিতে যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হয়। ১৬ আগস্ট সওজ এসব গর্তে ইট-বালু দিয়ে সংস্কারকাজ শুরু করে। এরপর শুরু হয় টানা বৃষ্টি। এর মধ্যে সোনামসজিদ স্থলবন্দর থেকে পণ্যবোঝাই ভারী ট্রাক চলাচল করায় ওই এলাকায় হাঁটুসম গর্তের সৃষ্টি হয়। ফলে যানবাহন আটকে থাকে ঘণ্টার পর ঘণ্টা। এ অবস্থায় মহাসড়কটিতে রাজশাহীগামী সরাসরি মিনিবাস চলাচল বন্ধ হয়ে যায়।
গত শনিবার বিকেলে হাতনাবাদ এলাকায় গিয়ে দেখা যায়, একটি পণ্যবাহী ট্রাক আটকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বাস-ট্রাকের লম্বা সারির সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী যাত্রীরা বালিয়াঘাট্টায় নেমে প্রায় ৪০০ মিটার হেঁটে হাতনাবাদে গিয়ে অন্য বাসে উঠে রাজশাহীর দিকে রওনা হচ্ছে।
হাতনাবাদের তৌহিদুর রহমান, মফিজুল ইসলামসহ ছয়-সাতজন অভিযোগ করেন, সড়কের অবস্থা দীর্ঘদিন ধরে খারাপ। কিন্তু সংস্কারকাজ বর্ষাকালে শুরু করার জন্য এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। একই অভিযোগ করেন চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি ফিরোজ আহমেদ। তিনি বলেন, তিন দিন ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে গেছে। যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
সওজ রাজশাহীর উপসহকারী প্রকৌশলী ইদুল উদ্দীন বলেন, হাতনাবাদের ২০০ মিটার ও বালিয়াঘাট্টায় ৮৫ মিটার সড়কের সংস্কারকাজ চলছে। আপাতত বালু দিয়ে উঁচু করে তার ওপর ইট বিছিয়ে কাজ চলছে।
নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দীন বলেন, হাতনাবাদ ও বালিয়াঘাট্টার পরিস্থিতি খুব খারাপ হওয়ায় বাধ্য হয়ে সংস্কারকাজ শুরু করতে হয়েছে। কাজ শুরুর পর টানা বৃষ্টির কারণে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আগামী চার-পাঁচ দিনের মধ্যে যেন এ সড়কে যান চলাচল স্বাভাবিক হয় সে ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।