চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগে নেতা আছে নেতৃত্ব নেই
চাঁপাইনবাবগঞ্জ শহরের হুরাজরাপুর মোড়ের মাথায় পাঁচতলা বাড়ি। দোতলায় একটি বেসরকারি ব্যাংকের কার্যালয়। চতুর্থ তলায় থাকেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ আবদুল ওদুদ। এটি তাঁর বাড়ি। পরিবার অবশ্য থাকে ঢাকায়, ন্যাম ভবনের সরকারি ফ্ল্যাটে।
গত মঙ্গলবার সকালে আবদুল ওদুদের সঙ্গে দেখা করতে যাই। তিনি আমাদের তাঁর শোবার ঘরে নিয়ে গেলেন। বালিশের কাছে গোটা তিনেক মোবাইল ফোন, টেলিভিশনের রিমোট। কয়েক পাতা ওষুধ আর একটি রিভলবার।
বললাম, ‘মাথার কাছে অস্ত্র নিয়ে ঘুমান, শহরের অবস্থা কি বেশি খারাপ? বললেন, ‘না, শহরের অবস্থা ততটা খারাপ না। শিবগঞ্জের পরিস্থিতি ভালো না। তবে এটা আমার লাইসেন্স করা অস্ত্র। নিয়ম অনুসারে লাইসেন্স করা অস্ত্র সব সময় কাছে রাখতে হয়।’
আগের দিনও শহরে শিবিরের হামলায় আহত হয়েছেন আওয়ামী লীগের এক কর্মী। গত ২৮ ফেব্রুয়ারি থেকে জেলায় ১৬ জন রাজনৈতিক সহিংসতায় খুন হয়েছেন। এর মধ্যে পাঁচজন আওয়ামী লীগ বা এর অঙ্গসংগঠনের। এঁরা সবাই নিহত হয়েছেন জামায়াত-শিবিরের হামলায়। জামায়াত-শিবিরের কর্মী নিহত হয়েছেন সাতজন। তাঁদের মধ্যে শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে একজন ছাড়া সবাই নিহত হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে। বিএনপির কর্মী মারা গেছেন দুজন। তাঁদের একজন দুর্বৃত্তদের হামলায় ও একজন ২ ডিসেম্বর গোলাম রাব্বানীর বাড়িতে হামলা করতে গিয়ে সংঘর্ষে নিহত হন। এ ছাড়া সংঘর্ষে মারা গেছে এক স্কুলছাত্র ও এক সাধারণ লোক।
এই সময় বড় ধরনের সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে ৩৬টি। হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে এমন গুরুতর আহত ব্যক্তির সংখ্যা ১৭৬ জন। অনেকের হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়েছে, কুপিয়ে জখম করা হয়েছে। বোমার স্প্লিন্টার বা গুলিতে আহত হয়েছেন অনেকে। আহত ব্যক্তিদের মধ্যে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে বিজিবি, পুলিশ, রাজনৈতিক কর্মী, সাধারণ লোক ও শিশু-কিশোরেরাও রয়েছে।
এ ছাড়া প্রচুর গাড়ি ভাঙা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে শিবগঞ্জের টিকরি, তর্ত্তিপুর, চণ্ডীপুর, ছত্রাজিতপুর ও কানসাটে একটি বাজারে ৩০টির বেশি দোকান ও ১৭টি বসতবাড়ি। চালানো হয়েছে ব্যাপক লুটপাট। এমনকি লোকজনকে বন্দী করে ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে।
বেশির ভাগ ক্ষেত্রেই এসব হামলা ও অগ্নিকাণ্ডের শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মী ও তাদের সমর্থকেরা। এখনো তাঁরা বাড়িতে ফিরতে পারছেন না। থানায় মামলা পর্যন্ত করতে পারছেন না। জেলা আওয়ামী লীগের নেতা ও সাংসদেরা গতকাল বুধবার পর্যন্ত সেই এলাকায় যাননি। এ নিয়ে তাঁদের প্রতিবাদ মিছিল, সভা বা বিবৃতি দেওয়ার মতো সাংগঠনিক কার্যক্রমও দেখা যায়নি। হামলার শিকার নেতা-কর্মীদের মনে প্রচণ্ড ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
মাঠপর্যায়ের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থবির হয়ে পড়েছে সাংগঠনিক কর্মকাণ্ড। দেউলিয়াপনা এতটাই যে এবার বিজয় দিবসে দলের কার্যালয়ে জাতীয় পতাকা পর্যন্ত তোলা হয়নি। খোদ জেলা শহরেই বিজয় দিবসে আওয়ামী লীগের কোনো কর্মসূচি ছিল না। পালন করা হয়নি জেলহত্যা দিবস। এমনকি দলের প্রতিষ্ঠা বার্ষিকীও পালিত হয়নি এখানে।
২০০৬ সালের ১৫ জুন থেকে ২০১১ সালের নভেম্বর পর্যন্ত দলের পূর্ণাঙ্গ জেলা কমিটিই ছিল না। কত দিন থেকে যে দলের কোনো সভা হয় না তা নেতা-কর্মীরাও ভুলে গেছেন। কেন্দ্রীয় কাউন্সিলের আগে যে একটি সভা করতে হয় জেলায় তাও হয়নি। দলের অঙ্গসংগঠনগুলোর সঙ্গে মূল সংগঠনের আলোচনা-মতবিনিময় এসব গত পাঁচ বছরে একবারও হয়েছে এমন কোনো স্মৃতি নেতা-কর্মীদের নেই।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান ফারুকের মন্তব্যে সংগঠনের অবস্থা আরও পরিষ্কার হবে, ‘একটা ক্লাবেরও নিয়ম-নীতি থাকে। ক্লাবের কর্তাদের তা অনুসরণ করতে হয়। চাঁপাইনবাবগঞ্জের আওয়ামী লীগ নেতাদের তাও করতে হয় না। দল পরিণত হয়েছে কিছু সুযোগ সন্ধানী লোকের আখড়ায়। দলের নিজস্ব শক্তি বলতে আর কিছু নেই।’
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই আওয়ামী লীগের সাংসদ। আবদুল ওদুদ, জিয়াউর রহমান, এনামুল হক। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ এনামুল হক প্রতিমন্ত্রীও ছিলেন। মহিলা সাংসদও আছেন একজন, শওকত আরা। আছেন জেলা পরিষদের প্রশাসক, একজন উপজেলা চেয়ারম্যান ও দুজন ভাইস চেয়ারম্যান।
এত সব ক্ষমতাবান লোক, দল ক্ষমতায়; তবু কেন এ অবস্থা হলো?
জবাবে নানা পর্যায়ের নেতা-কর্মীর যে মন্তব্য পাওয়া গেল তা অত্যন্ত তির্যক, প্রচণ্ড ক্ষোভ আর হতাশায় ভরা। নানা কারণেই অনেকে নাম প্রকাশ করতে চান না। আবার অনেকে এমনও ভাবেন, সত্য ঘটনাগুলো প্রকাশ হওয়া দরকার। তাতে যদি দলের এই অবস্থার কিছু পরিবর্তন ঘটে। তাঁদের সেই মন্তব্য, বিশ্লেষণগুলোই খানিকটা নরম ও সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হচ্ছে।
‘চাঁপাইকে তো এখন বাংলাদেশ বুলেই মনে হচ্ছে না, আমরা যেন পাকিস্তানে আছি’—মন্তব্য শহর আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমানের।
জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শাহজালাল শাহীন বললেন, ‘মার খেলে যদি প্রতিবাদও না হয়, তাহলে কে যাবে মার খেতে। দলের কার্যালয় পুড়িয়ে দেওয়ার পরে বিবৃতি দেওয়ারও লোক পাওয়া যায়নি। ’
নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বললেন, দলের নেতা-কর্মীর চেয়ে জামায়াতের সঙ্গেই তাঁর (সাংসদ ওদুদ) দহরম-মহরম। জামায়াতের জেলার ভারপ্রাপ্ত আমির ও সাবেক সাংসদ লতিফুর রহমানকে তিনি সিটি কলেজ ও ফুলকুড়ি ইসলামিক একাডেমি ব্যবস্থাপনা কমিটির সভাপতি করেছেন।
এসব বক্তব্যের প্রতিক্রিয়া জানতেই গিয়েছিলাম সাংসদ আবদুল ওদুদের কাছে। তিনি এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি আগে বিএনপি করতেন। তাঁর চাচাতো ভাই রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ হারুনুর রশীদ। ভাবি সৈয়দা আসিফা আসরাফী মহিলা সাংসদ।
সব শুনে সাংসদ ওদুদ বললেন, ‘জেলা আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। সভাপতি (চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী ) নেতা-কর্মীদের সময় দিতেন না। তিনি প্রবীণ মানুষ, এর বেশি বলা আমার পক্ষে শোভন হবে না। আর জেলার সাধারণ সম্পাদকের (মইনুদ্দীন মণ্ডল, জেলা পরিষদের প্রশাসক) সংগঠন চালানোর দক্ষতা, যোগ্যতা, ইচ্ছা কোনোটাই নেই। আমি তিন নম্বর সভাপতি। সভাপতি-সাধারণ সম্পাদক থাকতে আমার নিজ উদ্যোগে কিছু করার এখতিয়ার নেই। তার পরও অনেক সময় উদ্যোগ নিয়েছি কিন্তু পারিনি। আমাকে কিছু করতে দেওয়া হয়নি।’
এই সাংসদের ভাষায়, চাঁপাইনবাবগঞ্জে এখন আওয়ামী লীগের রাজনীতিতে দুটি ধারা। একটি ‘পুরোনো আওয়ামী লীগ,’ আরেকটি ‘নতুন আওয়ামী লীগ’। দলের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে চলছেন পুরোনোরা। নতুন অংশের নেতৃত্বে আছেন তিনি। তাঁর সঙ্গে সদরের ১৪ ইউনিয়নের নেতা-কর্মী এবং জেলার তরুণেরা রয়েছেন বলে দাবি তাঁর।
জামায়াতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ওদুদ বলেন, এখানে যে পরিস্থিতি তাতে সবার সঙ্গে সমন্বয় করেই চলতে হয়। যে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে জামায়াতের লোককে সভাপতি করা হয়েছে সেই দুটি প্রতিষ্ঠান তাদেরই। অন্য কেউ সেখানে যেতে রাজি ছিলেন না। প্রশাসন ঠিকমতো সহায়তা করছে না বলেও তিনি অভিযোগ করেন।
শিবগঞ্জের হামলাকবলিত এলাকায় এই সাংসদ যাননি, কারণ সেটি তাঁর নির্বাচনী এলাকা নয়। তিনি বলেন, শিবগঞ্জ এখন গোলাম রাব্বানী সাহেবের এলাকা। তবে তাঁর বাড়িতে হামলা হলেও তিনি প্রতিরোধ করতে পারেননি। তিনি সেখানে বিশেষ কিছু করতে পারবেন বলে মনে হয় না।
গোলাম রাব্বানী অবশ্য বলেছেন, তাঁর ব্যর্থ হওয়ার প্রশ্নই নেই। সাংসদেরা নিজেদের স্বার্থের প্রতি বেশি মনোযোগী থেকেছেন। নিজেরা নিরাপদ থাকার জন্য বিএনপি-জামায়াতের সঙ্গে লিয়াজোঁ করে চলেছেন। ফলে দল ভেতর থেকে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। এই সুযোগটাকেই জামায়াত-বিএনপি কাজে লাগিয়ে ত্রাস সৃষ্টি করছে। তিনি বলেন, মাঠপর্যায়ের কর্মীদের সংগঠিত করে তাঁদের মনোবল ফিরিয়ে এনে দলকে আবার শক্তিশালী করতে কিছুট সময় লাগবে। তবে এটা করা যাবে।
গিয়েছিলাম জেলা পরিষদ প্রশাসক মইনুদ্দীন মণ্ডলের কার্যালয়ে। সেখানে জেলা ও শহর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। জেলার এই প্রবীণ নেতা জানান, তিনি নিরাপত্তার অভাবে শিবগঞ্জে যেতে পারেননি। পুলিশ নিয়ে যেতে পারতেন কি না জানতে চাইলে বলেন, ‘সেখানকার অবস্থা এতই ভয়াবহ যে দু-চারজন পুলিশের কাজ নয়।’ সাংসদের অভিযোগ সম্পর্কে মইনুদ্দীন মণ্ডল বলেন, ‘তিনি ছিলেন বিএনপির লোক। সিট হাইজ্যাক করে সাংসদ হয়েছেন। এখন বলছেন, আমাদের যোগ্যতা নেই। আমাদের সহায়তা না পেলে তো তিনি জিততেই পারতেন না। যখন বিএনপিতে ছিলেন তখন ইউপি নির্বাচন করে (মহারাজপুর ইউনিয়ন) হেরেছিলেন তিনি।’
‘আর সভাপতি কী করেছেন তা জানি না। তিনি এখানে এলে উঠতেন কানসাটের পল্লী বিদ্যুতের রেস্ট হাউসে। তাঁর সম্পর্কে নানা কিছু শুনি। আমার কোনো ক্ষমতা নেই। যাঁদের ক্ষমতা ও অর্থ আছে, সুবিধা ভোগ করেছেন তাঁরাই।’ বললেন মইনুদ্দীন।
এ পর্যায়ে উপস্থিত নেতা-কর্মীরা প্রতিবাদ শুরু করেন। তাঁরা বলতে থাকেন, কারও সঙ্গে কারও সমন্বয় নেই। এ প্রসঙ্গেই উঠে আসে বিজয় দিবসে জাতীয় পতাকা না তোলা, বিভিন্ন দিবসে অনুষ্ঠান না করার তথ্য।
জেলা সম্পাদক বলেন, পতাকা তোলা হয়েছে। শহরের নেতারা তীব্র প্রতিবাদ করে বলেন, না, হয়নি।
জেলা সম্পাদক বলেন, তিনি নিজে পতাকা কিনে দিয়েছেন। পতাকা তোলার দায়িত্ব শহর কমিটির।
শহর কমিটির নেতারা বলেন, ‘আমরা মধ্যরাতে পতাকা তুলতে যাব, আর আপনারা এমপি-মন্ত্রীরা ঘুমাবেন।’
বাগিবতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আর কোনো আলোচনা চালিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না। উপস্থিত কর্মীরা আমাদের বলতে থাকেন, যা দেখলেন-শুনলেন সব লিখবেন। নিজেরা বড় বড় পদ নিয়ে আছেন, সব সুবিধা ভোগ করেছেন। কেউই কর্মীদের দিকে তাকাননি। দলটাকে শেষ করে দিয়েছেন। এখন আমরা আওয়ামী লীগের পরিচয় দিতে ভয় পাই। কেন?
জেলা সম্পাদক তাঁদের ধমক-ধামক দিয়ে শান্ত করার চেষ্টা করছিলেন। তাতে তেমন কাজ হচ্ছিল না। আমরা বেরিয়ে এলাম।