চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গায় কম্বল-সোয়েটার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৭৯ জনকে ও চুয়াডাঙ্গায় ৪০ শিশুকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। এর আগে গত শুক্রবার ঈশ্বরদীতে ১০০ দুস্থ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সংশ্লিষ্ট এলাকার প্রথম আলোর প্রতিনিধিদের তত্ত্বাবধানে বন্ধুসভার সদস্যরা এসব শীতবস্ত্র বিতরণ করেন।চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলার বরেন্দ্র অঞ্চলের সাঁওতাল আদিবাসী গ্রাম দক্ষিণ শহরের ২২ জন এবং পৌর এলাকার সাতজন দুস্থ মানুষকে কম্বল দেওয়া হয়েছে। এ ছাড়া চরমোহনপুর উচ্চবিদ্যালয়ের ৫০ জন দরিদ্র শিক্ষার্থীর মধ্যে গতকাল রোববার কম্বল বিতরণ করা হয়। চরমোহনপুর উচ্চবিদ্যালয়ে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল আলম, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও বন্ধুসভার সদস্যরা। চুয়াডাঙ্গা: গতকাল সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ও গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন ৪০ শিশুকে নতুন সোয়েটার দেওয়া হয়। এ সময় হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান, প্রথম আলোর খুলনা কার্যালয়ের আঞ্চলিক বিক্রয় নির্বাহী মো. আসাদুজ্জামান, সাংবাদিক রফিকুল ইসলাম এবং প্রথম আলোর স্থানীয় পরিবেশক সিদ্দিক আলী খান ও রাজীব হাসান উপস্থিত ছিলেন। তীব্র শীতে নতুন পোশাক হাতে পেয়ে অসুস্থ শিশু ও তাদের পরিবারের সদস্যরা প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা জানায়। ঈশ্বরদী: শুক্রবার ঈশ্বরদী শহরের ডাকবাংলো মাঠে ১০০ দুস্থ নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী রুনু মণ্ডল, মহিলা কলেজের শিক্ষক স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী বন্ধুসভার সভাপতি শহিদুল হক, সাপ্তাহিক প্রথম সকাল-এর সম্পাদক মহিদুল ইসলাম ও প্রথম আলোর ঈশ্বরদী প্রতিনিধি মাহাবুবুল হক প্রমুখ। সহায়তা অব্যাহত: দুস্থ ব্যক্তিদের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের অর্থ ও শীতবস্ত্র সহায়তা অব্যাহত রয়েছে। গতকাল পর্যন্ত ত্রাণ তহবিলে জমা পড়েছে ২১ লাখ ৪৫ হাজার ১৪০ টাকা। এ টাকায় কম্বল কিনে দেশের বিভিন্ন এলাকায় বিতরণের জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া তহবিলে জমা পড়েছে ছয় হাজার ৬৮টি কম্বল, ৪৩৩টি সোয়েটার, ২২ বস্তা পুরোনো কাপড় ও ১৭০টি চাদর। এ পর্যন্ত ১৪ হাজার ৬০১ জনকে কম্বল ও শীতবস্ত্র দেওয়া হয়েছে।