চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুরে কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জলাহার সাঁওতাল গ্রামে শীতার্ত অসহায় প্রবীণ ব্যক্তি ও প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ করা হয় । ছবি: প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জলাহার সাঁওতাল গ্রামে শীতার্ত অসহায় প্রবীণ ব্যক্তি ও প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ করা হয় । ছবি: প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী ও আদিবাসী সাঁওতাল এবং দিনাজপুর সদর উপজেলার কর্ণাই গ্রামে নির্বাচনের দিন হামলার শিকার সংখ্যালঘু হিন্দুদের মধ্যে গতকাল শুক্রবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজলোর ঝিলিম ইউনিয়নের সাঁওতাল গ্রাম জলাহারে গতকাল বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এর আগে শহরের বিভিন্ন স্থানে ২৫ জন বয়স্ক প্রতিবন্ধীর মধ্যে কম্বল দেওয়া হয়। কম্বল বিতরণে সহায়তা করেন আদিবাসী নেতা মনোরঞ্জন টুডু, মিলন সরেন, বন্ধুসভার জহিরুল ইসলাম, রফিক হাসান, নূরুল ইসলাম, মনোয়ারা খাতুন প্রমুখ। কম্বল পেয়ে জলাহারের ফুলমণি হাসদা (৭৫) বলেন, ‘হামাদের সাঁতালপাড়ার মানুষগুলোর ঠান্ডাতে খুব কষ্টে আছি। গাদলার উপর খাজুরের পাটি দিয়া ঘুমাইছি। বুড়া মানুষগুলা কম্বল পাইলাম একটু আরাম পাব।’ আদিবাসী নেতা মনোরঞ্জন টুডু জানান, এই ইউনিয়নের আদিবাসীদের প্রত্যন্ত গ্রামগুলোতে তীব্র শীতে মানুষজনের অবস্থা খুবই কাহিল। বৃদ্ধ ও অসুস্থ মানুষের অবস্থা সবচেয়ে শোচনীয়।
দিনাজপুর: সদর উপজেলার কর্ণাই গ্রামে নির্বাচনের দিন হামলার শিকার সংখ্যালঘু শীতার্ত মানুষের মধ্যে গতকাল প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। গ্রামের হাজীপাড়া, দক্ষিণপাড়া, সাহাপাড়া ও বৈদ্যপাড়ার ১১০ জন নারী-পুরুষকে একটি করে কম্বল দেওয়া হয়।
কম্বল হাতে পেয়ে সাহাপাড়ার বৃদ্ধ প্রফুল্ল রায় বলেন, ‘ভোটের তিন হামার উপর যে হামলা হইচে, তারপর থাকি রাইতত বাড়ির পুরুষ মানুষরা রাইত জাগি পাহারা দিবা হয়। কম্বল পাই পাহারা দেওয়ার আরাম হবি বা।’ দিনাজপুর প্রথম আলো বন্ধুসভার সভাপতি অমিতাভ পাল, সাধারণ সম্পাদক মো. আলীসহ বন্ধুসভার সদস্যরা কম্বল বিতরণে সহায়তা করেন।