চাঁপাইনবাবগঞ্জ ও পাবনায় দুই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গত শনিবার হযরত আলী (৪২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই দিন পাবনা সদর উপজেলায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামুন হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।
শিবগঞ্জ থানার পুলিশ জানায়, উপজেলার ওমরপুর-খোঁজপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হযরত আলী দুধবিক্রেতা ছিলেন। ওই দিন রাত সাড়ে নয়টার দিকে তিনি বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার কয়লাবাড়ী এলাকায় দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ গতকাল রোববার তাঁর লাশ উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
পাবনা সদরের দোগাছি বাজারে মামুনের টেইলার্সের দোকান রয়েছে। শুক্রবার রাতে মামুনের চাচাতো ভাই খাইরুল ইসলামসহ কয়েকজন যুবক দোকানের পেছনে এক নারীর সঙ্গে অসামাজিক কাজ করেন বলে অভিযোগ ওঠে। মামুন বিষয়টি জানতে পেরে খাইরুলের পরিবারকে জানান। এতে খাইরুল ও তাঁর বন্ধুরা ক্ষিপ্ত হন। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দোগাছি পূর্বপাড়া গ্রামের একটি স্কুলের পাশে মামুন তাঁর ছোট ভাই সোহেল রানা ও ভাতিজা রাসেলকে নিয়ে বসে ছিলেন। এ সময় খাইরুল ও তাঁর বন্ধুরা ওই তিনজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকেরা মামুনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনের মধ্যে সোহেলের অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।