চাঁপাইনবাবগঞ্জ ও রংপুরে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাদের মোল্লার ফাঁসির রায় হয়ে যাওয়ার পরও জামায়াত-শিবিরের তাণ্ডব চলছে। এই রায় কার্যকরকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক এবং ঢাকা-রংপুর মহাসড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে রেখেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এতে ১৪৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হলেও সোনামসজিদ স্থলবন্দরের সঙ্গে যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

চাঁপাইনবাবগঞ্জ: সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করে রেখেছেন শিবিরের কর্মীরা। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-নাচোল ও চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কেও গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন তাঁরা।

এদিকে রায় কার্যকরের পরপরই চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই মোড়, শিবতলা ও বড় ইন্দারা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিবিরের কর্মীদের সংঘর্ষ হয়েছে। একই সঙ্গে শহরের বড় ইন্দারা মোড়ের যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এক্সিম ব্যাংকসহ আরও কয়েকটি ব্যাংকের স্থানীয় শাখায় ও কৃষি বিশ্ববিদ্যালয়ের ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে জামায়াত-শিবির।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন জানান, সংঘর্ষ চলাকালে শিবির ককটেল বিস্ফোরণ করলে র্যাব ও পুলিশ পাল্টা শটগানের গুলি ছোড়ে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

রংপুর: গতকাল দিবাগত মধ্যরাত থেকে ঢাকা-রংপুর মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার সড়কে রাস্তার দুই পাশের গাছ কেটে সড়ক অবরোধ করা হয়। শঠিবাড়ি বাজার থেকে দমদমা সেতু পর্যন্ত ওই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। ফলে আন্তজেলা বাসগুলো গ্রামের বিকল্প রাস্তা দিয়ে ৩০ কিলোমিটার পথ ঘুরে শঠিবাড়িতে মহাসড়কে গিয়ে উঠছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন প্রথম আলো ডটকমকে জানান, সকাল থেকে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় শঠিবাড়ি বাজার থেকে জায়গীরহাট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে ফেলে রাখা গাছ অপসারণ করেছে। এখনো প্রায় পাঁচ কিলোমিটার সড়কের গাছ সরানো বাকি। মিঠাপুকুর-শঠিবাড়ি এলাকায় অতিরিক্ত র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

গতকাল মধ্যরাতে যুব উন্নয়ন কেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে সঙ্গে সঙ্গে আগুন নেভানো হয়।