চাঁপাইনবাবগঞ্জ ও সুনামগঞ্জে বজ্রপাতে আটজন নিহত
বজ্রপাতে গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে পাঁচজন এবং সুনামগঞ্জে তিনজন নিহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের সীমান্তসংলগ্ন গ্রাম জমিনপুরে বজ্রপাতে চারজন নিহত ও একজন আহত হয়। দুর্লভপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে একজন নিহত ও আহত হন দুজন। স্থানীয় ও শিবগঞ্জ থানা-পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করে।
জমিনপুর গ্রামে নিহত চারজনের মধ্যে তিনজন হলেন মাদারীপুরের কালকিনি থানার খাসেরহাট গুচ্ছগ্রামের হারুন খাঁ, কালাই সর্দারের চর গ্রামের তালেব আলী সর্দার ও সিনানঘাটা গ্রামের কালাই রাঢ়ি। অন্যজন জমিনপুর গ্রামের রফিকুল ইসলাম।
মাদারীপুরের তিনজন এসেছিলেন তাবলিগ জামায়াতের ১৭ জনের একটি দলের সঙ্গে। দলের আমির (দলনেতা) সিনানঘাটা গ্রামের মোখলেসুর রহমান জানান, তাঁরা জমিনপুর জামে মসজিদে ছিলেন। সন্ধ্যায় স্থানীয় হাট থেকে মসজিদে ফেরার পথে আবহাওয়া খারাপ দেখে তাঁরা জমিনপুরে একটি বাড়ির গোয়ালে আশ্রয় নেন। তাঁদের সঙ্গে গ্রামের রফিকুল ইসলামও ছিলেন। ওই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই চারজন মারা যান। আহত হন কলেজছাত্র আবদুর রাকিব। বজ্রপাতে গোয়ালে থাকা একটি গরুও মারা যায়।
দুর্লভপুরে বজ্রপাতে নিহত হয় গ্রামের তাজেমুল হকের মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী বুলবুলি খাতুন। আহত হন মো. ভুট্টুর স্ত্রী পেয়ারা বেগম ও মো. সেবাগ (১১)।
শিবগঞ্জ থানার ওসি মো. রমজান আলী বলেন, খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের শাখাইতি গ্রামে সকালে হাওরে মাছ ধরার সময় সপ্তম শ্রেণির ছাত্র ফখরুলের মৃত্যু হয়। উমেদশ্রী গ্রামে ঘরের বারান্দায় বসে থাকা অবস্থায় বজ্রপাতে মৃত্যু হয় খায়রুন নেছার। তার পোশাকে আগুন ধরে গেলে তা নেভানোর চেষ্টার সময় আহত হন তার বাবা আবিদ আলী। দুপুরে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে মৃত্যু হয় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আসামপুর গ্রামের আবদুল খালেকের।