চাঁপাইনবাবগঞ্জ ছোট সোনামসজিদ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছোট সোনামসজিদের সামনে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে প্রতিদিন বাস-ট্রাকসহ অসংখ্য ভারী যান চলাচল করছে৷ এ কারণে মসজিদটি ক্ষতিগ্রস্ত হওয়ার অাশঙ্কা করছেন স্থানীয় লোকজন৷ মসজিদ রক্ষায় ২০০৯ সালে বাইপাস সড়ক নির্মাণের প্রকল্প প্রস্তাব করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেই৷
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানায়, মসজিদ থেকে এক হাজার গজ দূরে বাইপাস সড়ক নির্মাণের প্রয়োজনীয়তা উল্লেখ করে ২০০৯ সালের ১৭ মার্চ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি দেওয়া হয়৷ সওজ বিভাগ চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, সংস্কৃতি মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ৮৭০ মিটার দৈর্ঘের একটি বাইপাস সড়কের প্রকল্প প্রস্তাব সওজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়৷ পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ২৩ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি দেন৷ প্রধানমন্ত্রী প্রতিশ্রুত সড়ক উন্নয়ন প্রকল্পের সঙ্গে সোনামসজিদ রক্ষায় বাইপাস সড়ক নির্মাণ অন্তর্ভুক্ত করা হয়৷ প্রস্তাবিত ওই প্রকল্পের ওপর ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা হয়৷ পরে সওজ ও পরিকল্পনা কমিশনের প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটি ওই বছরের ২৩ মে সরেজমিনে সড়ক ও এলাকা পরিদর্শন করেন৷
আবদুল মালেক নামে স্থানীয় এক ব্যক্তি জানান, ‘বাইপাস সড়ক নির্মাণের দাবি জানানো হলেও সেখানে প্রভাবশালী ব্যক্তিদের জমি থাকায় প্রকল্প অনুমোদন করা হচ্ছে না৷’
সওজের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, সওজ সোনামসজিদ স্থলবন্দরের বিষয়টি মাথায় রেখে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কটি চার লেন করার সিদ্ধান্ত নিয়েছে৷ সার্বিক অবস্থা বিবেচনায় সোনামসজিদ রক্ষায় বাইপাস সড়ক নির্মাণ অপরিহার্য বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে৷ তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি৷