চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি যাত্রীবাহী বাসে মোটরশ্রমিকদের হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ঢাকাগামী সব ধরনের বাসের চলাচল গতকাল সোমবার বেলা ১১টা থেকে বন্ধ রাখা হয়েছে। সরাসরি বাস চলাচল না করায় স্থানীয় যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সকালে হানিফ এন্টারপ্রাইজের ঢাকাগামী একটি বাস সদর উপজেলা পরিষদ এলাকায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এলে মোটরশ্রমিকেরা এর গতিরোধ করেন। তাঁরা ইট ছুড়ে বাসের সামনের কাচ ভেঙে ফেলেন। খবর পেয়ে হানিফ এন্টারপ্রাইজের স্থানীয় কাউন্টারের কর্মকর্তারা সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ সময় শরিফুল ইসলাম ও লিটন আলী নামের দুই বাসচালক আহত হন। এ ঘটনার প্রতিবাদে হানিফ এন্টারপ্রাইজসহ অন্য সব পরিবহনের সরাসরি ঢাকাগামী বাসের চলাচল বন্ধ করে দেওয়া হয়।জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল খালেক জানান, গত রোববার সেলিম নামে তাঁদের ইউনিয়নভুক্ত এক ট্রাকচালক ঢাকা যাওয়ার জন্য হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে টিকিট কিনতে যান। কিন্তু কাউন্টারের লোকজন টিকিট না দিয়ে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এর প্রতিবাদে মোটরশ্রমিকেরা তাঁদের গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন।