চাঁপাইনবাবগঞ্জে এই প্রথমবারের মতো গতকাল শনিবার দৃষ্টিপ্রতিবন্ধীদের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পুরোনো স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা দলকে আট উইকেটে পরাজিত করেছে রাজশাহী জেলা দল।
রাজশাহীর মুনসুর রহমান ৩৫ রানের বিনিময়ে ৪ উইকেট ও অপরাজিত ২৩ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
প্রথমে ব্যাট করতে নেমে চাঁপাইনবাবগঞ্জ দল নির্ধারিত ৩০ ওভারে ৬ উইকেটে ১২২ রান করে। দলের পক্ষে মনির হোসেন ২৩, মোকাম হোসেন ২৩ ও রুহুল আমীন ১৪ রান করেন। রাজশাহীর মুনসুর চার উইকেট লাভ করেন। জবাবে রাজশাহী ১৯ দশমিক ৩ ওভারে দুই উইকেটে ১২৪ রান সংগ্রহ করে। রাজশাহীর আসলাম অপরাজিত ৪৯, সুজন ২৮ ও মুনসুর রহমান অপরাজিত ২৩ রান করেন। চাঁপাইনবাবগঞ্জের মন্টু দুই উইকেট পান।
সাদা ঝুনঝুনি বল দিয়ে (সাউন্ড বল) গড়ানো বোলিংয়ের খেলা প্রথমবারের মতো উপভোগ করে চাঁপাইনবাবগঞ্জের বহু দর্শক। প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের পৌর মেয়র আবদুল মতিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক শহীদুল ইসলাম প্রমুখ।
তৌফিকুল ইসলাম বলেন, রাজশাহীর বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী সৈবুর রহমানের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জের প্রতিবন্ধীরা মিলে এ খেলার আয়োজন করে।
বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি শহিদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক নিয়মানুযায়ী শূন্য থেকে পাঁচ ভাগ দেখতে পাওয়া (বি-১), ৫০ ভাগ পর্যন্ত দেখতে পাওয়াদের মধ্যে (বি-২) ও এরপর ৮০ ভাগ পর্যন্ত দেখতে পাওয়াদের (বি-৩) মধ্যে তিন ধরনের দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে ক্রিকেটের দল গঠন করা হয়। দলের মধ্যে বি-১ ক্যাটাগরির চারজন থাকতেই হবে। দুই বছর আগে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত দৃষ্টিপ্রতিবন্ধীদের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দল প্রথমবারের মতো অংশ নেয়। জেলায় জেলায় দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে ক্রিকেট খেলার মধ্য দিয়ে শক্তিশালী জাতীয় ক্রিকেট দল গঠনের প্রক্রিয়া শুরু হওয়া দরকার।