চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডায়রিয়ার প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত শুক্রবার থেকে গতকাল রোববার পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শুধু চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালেই শতাধিক মানুষ চিকিৎসা নিয়েছে।
সদর হাসপাতাল সূত্র জানায়, মাত্র ১০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে হঠাৎ করেই একসঙ্গে অনেক রোগী ভর্তি হয়েছে। জায়গা না হওয়ায় ওয়ার্ডের বারান্দা ও করিডরে তাদের রাখা হয়। এত রোগীকে সেবা দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।
ওয়ার্ড সূত্রে জানা যায়, গত শুক্র থেকে শনিবার বিকেল পর্যন্ত অন্তত ১০০ রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৫০ জনের মতো ভর্তি রোগী। এ ছাড়া গতকাল রোববার আরও ২০ জন ভর্তি হয়েছে।
রোগীরা অভিযোগ করে, হাসপাতালে পর্যাপ্ত সেবার যেমন অভাব রয়েছে, তেমনি স্যালাইন-ওষুধও বাইরে থেকে কিনতে হচ্ছে। রোগীর অভিভাবক পৌর এলাকার জোড়গাছী মহল্লার মর্জিনা খাতুন বলেন, তাঁর পরিবারে চারজনের ডায়রিয়া হয়েছে। চারজনই হাসপাতালে ভর্তি। কিন্তু একটা স্যালাইনও পাননি। সবকিছুই বাইরে থেকে কিনতে হচ্ছে। মসজিদপাড়ার আলমগীর হোসেন, আতাউর রহমান নামের আরও কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, শয্যার অভাবে মাটিতে থাকতে হচ্ছে। সামান্য ওষুধ পাওয়া গেলেও সান্ত্বনা পেতেন।
আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম বলেন, ডায়রিয়া ওয়ার্ডে বিছানা কম। তাই রোগীদের করিডর বা বারান্দায় থাকতে দিতে হচ্ছে। তিনি আরও বলেন, দূষিত পানি ও অপরিচ্ছন্নতার কারণেই এ সময়ে রোগটির প্রকোপ দেখা দিয়েছে। তবে এ নিয়ে আতঙ্কের কিছু নেই।
সিভিল সার্জন আলাউদ্দিন বলেন, সরবরাহ না থাকায় রোগীদের স্যালাইন দেওয়া সম্ভব হচ্ছে না। জরুরি ভিত্তিতে স্যালাইন সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ছাড়া শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্যালাইন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।