চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় পানিসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই-তৃতীয়াংশ এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এসব এলাকায় পর্যাপ্ত পানি সরবরাহ করা যাচ্ছে না।পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার প্রায় সাড়ে আট হাজার গ্রাহকের বাড়িতে পাইপলাইন দিয়ে পানি সরবরাহ করা হয়। এক মাস ধরে ৬, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের গ্রাহকেরা নিয়মিত পানি পাচ্ছেন না। এর মধ্যে ১৪ নম্বর ওয়ার্ডের পোল্লাডাঙ্গা, চাঁদলাই, আজাইপুর, আরামবাগ এলাকায় খাওয়ার পানির সংকট বেশি। এসব এলাকার লাইনে পানির চাপ না থাকায় কলগুলো থেকে পানি পড়ছে না। এসব এলাকার মানুষ গর্ত করে মাটির নিচে থাকা লাইনের পাইপ কেটে সেখানে কল লাগিয়ে পানি নেওয়ার চেষ্টা করছেন। এরপরও পর্যাপ্ত পানি পাচ্ছেন না।পৌরসভার জোড়বাগান মহল্লার আবদুল লতিফ, সেরাজুল ইসলাম ও মোহামঞ্চদ টিটুর বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁরা গর্ত করে লাইনের পাইপ কেটে সেখানে কল লাগিয়ে পানি নেওয়ার চেষ্টা করছেন। অনেকের বাড়ির কল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। মিস্ত্রিপাড়ার মনিরুল ইসলাম জানান, এ মহল্লার প্রায় ৩৫টি বাড়ির সরবরাহ লাইনে পানি আসছে না। হাসপাতাল সড়কের রফিক হাসান জানান, এ সড়কের বাসিন্দারা এক মাস ধরে পানির সংকটে ভুগছে। পৌর কর্তৃপক্ষের কাছে বহুবার আবেদন জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, পৌরসভার বিভিন্ন এলাকায় ১৪টি গভীর নলকূপের মাধ্যমে পানি সরবরাহ করা হয়। সবগুলোই চালু আছে, কিন্তু এ সময় পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি কম উঠছে। অন্যদিকে লোডশেডিংয়ের কারণে সবগুলো একসঙ্গে চালু করতে না পারায় পানির লাইনে চাপ কম হচ্ছে। ফলে অনেক গ্রাহকের বাড়ির কল থেকে পানি পড়ছে না।