চাঁপাইনবাবগঞ্জ বণিক সমিতির নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বণিক সমিতির ২০১৬-১৮ মেয়াদে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সমিতির ভবনে নির্বাচন পরিচালনা বোর্ডের সভাপতি মোহা. সোলায়মান এই কমিটি ঘোষণা করেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে এরফান গ্রুপের চেয়ারম্যান এরফান আলী, জ্যেষ্ঠ সহসভাপতি পদে আবদুল হান্নান ও সহসভাপতি পদে মনোয়ারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তফসিল অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। তবে প্রতিদ্বন্দ্বী না থাকায় আগেই এই কমিটি ঘোষণা করা হয়েছে। ভুয়া ভোটার তালিকা তৈরির অভিযোগে ব্যবসায়ীদের একটি পক্ষ নির্বাচন বর্জন করেছে।
ভুয়া ভোটার তালিকা তৈরির অভিযোগ এনে ব্যবসায়ীদের একটি পক্ষ জেলা প্রশাসক, বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক ও বাণিজ্য সংগঠনের কাছে লিখিত অভিযোগ করে। পাশাপাশি নির্বাচন অনুষ্ঠানে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে ২২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম জেলা জজ প্রথম আদালতে নির্বাচনী বোর্ড ও আপিল বোর্ডকে বিবাদী করে মামলা দায়ের করা হয়।
ওই পক্ষের আইনজীবী সোহরাব হোসেন বলেন, ‘বিতর্কিত ভোটার তালিকার বিষয়ে নিষ্পত্তি না করেই ও আদালতের সমন উপেক্ষা করে নির্বাচনী পরিচালনা বোর্ড ফল ঘোষণা করেছে। তাই এই ঘোষণা বিধিবহির্ভূত।’