চাঁপাইনবাবগঞ্জ শহররক্ষা বাঁধে ভাঙন, নিম্নমানের কাজের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির পানির তোড়ে শহররক্ষা বাঁধের প্রায় ২০ মিটার ভেঙে গেছে। গত সোমবার দিবাগত রাতে মহানন্দা নদীর সাধুরঘাটসংলগ্ন বাঁধের ওই অংশ ভেঙে যায়। বাঁধসংলগ্ন এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, মহানন্দার ভাঙন থেকে শহরকে রক্ষা করার জন্য পাউবো ‘মহানন্দা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প’ হাতে নেয়। প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয় চার কোটি ৮৭ লাখ ৩১ হাজার ২৪০ টাকা ৯১ পয়সা। প্রকল্পের অধীনে মহানন্দা সেতু থেকে সাধুরঘাট পর্যন্ত ৭০০ মিটার এলাকাজুড়ে নদীর পাড়ে সিসি ব্লক দিয়ে বাঁধানো হয় এবং নদীতে সিসি ব্লক ফেলা হয়। গত বছরের ফেব্রুয়ারি মাসে কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আইএএসএইচ অ্যান্ড এসএসএল (জেভি)। কিন্তু মাত্র এক বছরের মাথায় বাঁধ ভেঙে পড়ার ঘটনা ঘটে।বাঁধসংলগ্ন এলাকার বাসিন্দা মতিউল ইসলাম জানান, বাঁধ নির্মাণের সময়ই নিম্নমানের কাজের অভিযোগ ওঠে। ওই সময় দরপত্র অনুযায়ী কাজের দাবিতে এলাকাবাসী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, বাঁধের ২০ মিটার ভেঙে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১০০ মিটার।পাউবো চাঁপাইনবাগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী আবদুল হামিদ বলেছেন, বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাঁধে ভাঙন ধরেছে। নিম্নমানের কাজ হলে নদীর তীর থেকেই ধস নামত। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত স্থান বুধবারের (আজ) মধ্যেই মেরামত করা হবে।