চাঁপাইনবাবগঞ্জ সদর থানা হাজতের ছাদ ধসে সাত আসামি আহত
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার হাজতে গতকাল বুধবার ভোর সোয়া পাঁচটার দিকে হঠাৎ করেই ছাদ ধসে পড়ে। এতে হাজতে থাকা সাতজন আসামি আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত শাহীন আলীকে (৩২) চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আসামি মুক্তার আলী (২৫), ইয়াকিন (৩২), মজানুর রহমান (৩০), হিমেল আলী (২০), সাহাজাদা মালেক (৩০) ও ডালিম হোসেনকে (২২) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।ছাদ ধসে পড়ার ঘটনা বর্ণনা করতে গিয়ে ওই সময় থানায় কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) রোকনুজ্জামান বলেন, ‘ভোর সাড়ে চারটার দিকে পৌর এলাকার রামকৃষ্টপুর থেকে ছয়জন ও সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করে থানা হাজতে ঢোকানো হয়। এর কিছুক্ষণ পরই আসামিদের একজন চিৎকার করে ওঠেন, “দেখেন ভাই, দেখেন, ছাদ ধসে পড়ছে। আমাদের বের করেন।” ভাবলাম, আমাদের বিভ্রান্ত করে আসামিরা বোধহয় পালাতে চায়। তাই সেদিকে কান দিইনি। এরপর দেখলাম সত্যিই ছাদ ধসে পড়ল। ভয়ে আঁতকে উঠলাম। দ্রুত ব্যারাকে গিয়ে খবর দিলে পুলিশের অন্য সদস্যরা এসে আসামিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’ তবে হাসপাতালে ভর্তি শাহীন অভিযোগ করেন, তাঁকে উদ্ধার করতে পুলিশ ২০-২৫ মিনিট দেরি করে।চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, প্রায় দেড় শ বছরের পুরোনো থানা ভবনকে ১০-১৫ বছর আগে গণপূর্ত বিভাগ পরিত্যক্ত ঘোষণা করে। ভবনটি নিলামে বিক্রিও করে দেওয়া হয়েছে। কিন্তু থানার কাজ চালানোর জন্য পুলিশের অনুরোধে ক্রেতা ভবনটি ভেঙে নেননি। বাধ্য হয়ে এই জরাজীর্ণ ভবনেই দাপ্তরিক কাজ চলছিল এবং এখানেই হাজতখানায় ঝুঁকি নিয়ে আসামিদের রাখা হতো। তিনি জানান, গত মার্চে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা।