চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তের ওপারে মহদিপুরে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, বৈঠকে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের ব্যাপারে আলোচনা হয়েছে। এ ছাড়া মাদক চোরাচালন বন্ধের জন্য কার্যকর ভূমিকা রাখার জন্যও বিএসএফের প্রতি আহ্বান জানানো হয়।আনোয়ার হোসেন বলেন, ভারতের সীামান্তে অবস্থিত ফেনসিডিল তৈরির বেশ কিছু অবৈধ কারখানার তালিকা এর আগেই বিএসএফকে দেওয়া হয়। এরই মধ্যে কিছু কারখানা বিএসএফ বন্ধও করেছে।নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে গতকাল বিজিবি মহাপরিচালক সোনামসজিদ সীমান্ত এলাকা পরিদর্শনে আসেন। পরিদর্শনের সময় তিনি বিএসএফের আমন্ত্রণে সৌজন্য বৈঠকে মিলিত হন। সীমান্তে তাঁকে স্বাগত জানান বিএসএফের মালদা ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক (ইন্সপেক্টর জেনারেল) আর কে হাজোলা।বৈঠকে বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান, ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেনসহ ১২ জন কর্মকর্তা ও বিএসএফের ১৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।