চাঁপাইনবাবগঞ্জে অবরোধ, ভোগান্তি আম পরিবহন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের পরিবহন শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। জেলার সব রুটে যানবাহন চলাচল ছিল বন্ধ। টানা চার দিনের এই সড়ক অবরোধের কারণে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে আম পরিবহন।চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল খালেককে মারধর করার প্রতিবাদে গত সোমবার থেকে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছেন পরিবহন শ্রমিকেরা।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল সকালেই চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। এতে রাস্তায় বড় কোনো যানবাহন নামেনি। তবে ব্যাটারিচালিত অটোরিকশা চলেছে।উদ্ভূত পরিস্থিতিতে গতকাল দুপুরে শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠক করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন। তিনি মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে জেলার অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ না রাখতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান। তবে শ্রমিকনেতারা এ ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য জানাননি।কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিক ভবনে অনুষ্ঠিত এ বৈঠক শেষে মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে আটটা) সভাপতি বা অন্য কোনো নেতার সঙ্গে বারবার চেষ্টা করেও কথা বলা যায়নি। তবে বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকনেতারা রাজশাহী ছাড়া উত্তরাঞ্চলের অন্য জেলার শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে।আম পরিবহন ব্যাহত হওয়ায় গতকাল সকালে কানসাটে সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। এতে বক্তারা বলেন, সড়ক অবরোধের কারণে আম ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির শিকার হতে যাচ্ছেন। আম গাছে পেকে গেলেও সড়ক অবরোধের কারণে তা নামানো হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে বিপুল পরিমাণ আম পচে নষ্ট হয়ে যাবে। আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন চাষি ও ব্যবসায়ীরা। বক্তারা বলেন, প্রতিদিন বিকল্প পথে কিছু আম পরিবহন করা হলেও এ জন্য বাড়তি ভাড়া গুনতে হচ্ছে।