চাঁপাইনবাবগঞ্জে অভিযোগ গঠনের শুনানি ১৫ মার্চ
চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনের মামলায় আগামী ১৫ মার্চ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২ গতকাল রোববার এই তারিখ ধার্য করেন। গতকাল সকালে মামলার ২১ জন আসামিকে আদালতে হাজির করা হয়। আদালতে সভাপতির দায়িত্ব পালন করেন রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল এহিয়া আজম খান। মামলার কৌঁসুলি ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জায়েদ হোসেন প্রত্যেক আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেন। কৌঁসুলি বলেন, ৩৯ রাইফেল ব্যাটালিয়নে কোনো হত্যাকাণ্ড না ঘটলেও ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানার বিডিআর বিদ্রোহের সঙ্গে একাত্মতা পোষণ করে আসামিরা সেনাবাহিনী আক্রমণ করতে আসছে—এ রকম গুজব ছড়িয়ে অস্ত্রাগার থেকে অস্ত্র লুট করে বেসামরিক প্রশাসনের ওপর আক্রমণের ষড়যন্ত্র করে। ব্যাটালিয়নের ঊর্ধ্বতন একজন কর্মকর্তাকে হত্যার হুমকি দেয় এবং অন্যান্য কর্মকর্তাকে ব্যাটালিয়ন সদর দপ্তর ত্যাগ করতে বাধ্য করে। দুজনে অস্ত্র নিয়ে বাড়িতে রাখেন। তাঁদের এ অপরাধকে খাটো করে দেখার অবকাশ নেই। তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। অভিযোগ শোনার পর আদালতের সভাপতি আগামী ১৫ মার্চ সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন। ১৫ মার্চ অভিযোগ গঠনের শুনানি হবে। তবে আসামিরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে আসামিরা নিজেরা বক্তব্য উপস্থাপন করতে পারবেন অথবা আইনজীবী নিয়োগ করতে পারবেন।