চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক চুটু আলীকে গত মঙ্গলবার কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এরপরই স্থানীয় বিএনপির কর্মীরা চুটুর ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা বিএনপির কর্মী-সমর্থকদের অন্তত নয়টি বাড়ি ও তিনটি দোকান ভাঙচুর করে আগুন দেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পূর্বশত্রুতার জের ধরে সকাল সাড়ে ১০টার দিকে মোবারকপুর ইউনিয়নের স্থানীয় বিএনপির কর্মী মো. তরিকুলের নেতৃত্বে কয়েকজন চুটু আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। এর জের ধরে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তরিকুলসহ বিএনপির কর্মী-সমর্থক পাঁচজনের বাড়িতে আগুন দেন। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বাধার মুখে তাঁরা ফিরে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, তরিকুলসহ অন্তত নয়জনের বাড়ি ভাঙচুর করে আগুন দেওয়া হয়। এ ছাড়া তিনটি দোকানেও আগুন দেওয়া হয়েছে।মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম অভিযোগ করেন, তরিকুলের নেতৃত্বে চুটুর ওপর হামলা চালানো হয়। তাঁকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে হামলাকারীদের কয়েকটি বাড়িতে আগুন দেন। ওসি মিজানুর রহমান জানান, এ ব্যাপারে চুটু আলী বাদী হয়ে তরিকুলসহ কয়েকজনের নামে মঙ্গলবার রাতে শিবগঞ্জ থানায় মামলা করেছেন।