চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আওয়ামী লীগের এক নেতাকে হত্যা করেছে। এ সময় স্থানীয় আওয়ামী লীগের আরও এক নেতা আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম দুরুল হোদা (৪০)। তিনি উপজেলার দলদলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাড়ি উপজেলার মুশরিভোজা সোনারপাড়া গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে দুরুল উপজেলার দলদলি কাউন্সিল মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন। একপর্যায়ে মুখোশপরা আট-দশজন দুর্বৃত্তের একটি দল তাঁকে ঘিরে ধরে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় দুরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্মরত চিকিৎসক দুরুলকে মৃত ঘোষণা করেন। হামলায় আহত ব্যক্তির নাম শুকুর উদ্দীন। তিনি দলদলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কেন এ হত্যাকাণ্ড চালানো হয়েছে এবং কারা এতে জড়িত, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা প্রথম আলোকে জানিয়েছেন, এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী পরিকল্পিতভাবেই দুরুলকে হত্যা করেছে। ওই সন্ত্রাসীরাই ৭ মার্চ উপজেলার পাল্লাডাঙ্গা এলাকায় যুবলীগের কর্মী আব্দুর রহমানকে হত্যা করে। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ গতকাল শুক্রবার সন্ধ্যায় জানান, সদর হাসপাতালের মর্গে দুরুলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।