চাঁপাইনবাবগঞ্জে আদালতে মামলার জট বাড়ছে
চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ ও বিচারিক আদালতে দিন দিন মামলার জট বাড়ছে। বিচারকের অভাবসহ নানা সমস্যা এ অবস্থার জন্য দায়ী। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে বিচারকদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আনোয়ার হোসেন এবং মুখ্য বিচারিক হাকিম বাসুদেব রায় বক্তব্য দেন। তাঁরা জানান, জেলা জজ আদালতে দুই হাজার ৪৩৬টি এবং বিচারিক আদালতে তিন হাজার ৫৩০টি মামলা বিচারাধীন। কিন্তু জজ আদালতে নয়জন বিচারকের জায়গায় আছেন সাতজন। বিচারিক আদালতে নয়জন হাকিমের জায়গায় আছেন ছয়জন। এ ছাড়া এখানে এজলাসের অভাবে বিচারকাজ বিঘ্নিত হচ্ছে।সংবাদ সম্মেলনে বাসুদেব রায় জানান, বিচার বিভাগ আলাদা হওয়ার সময় জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে তিন হাজার ৬৩৬টি মামলা বিচারিক আদালতে আসে। গত মার্চ পর্যন্ত এ মামলার সংখ্যা দাঁড়ায় ১২ হাজার ৭৯৬টিতে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে নয় হাজার ৪০০টি। তিনি আরও জানান, বিচারিক আদালতে হাকিমদের বসার স্থান নেই। সংকীর্ণ পরিসরে নানা সমস্যায় চালানো হচ্ছে বিচারকাজ। কিন্তু বিচারিক আদালত ভবনের নির্মাণকাজে হাত দেওয়া হচ্ছে না। অনেক সময় নিরাপত্তা নিয়ে তাঁদের উদ্বিগ্ন থাকতে হয়। নানা সমস্যা সত্ত্বেও সম্মেলনে জজ আদালতে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও দাবি করা হয়। জেলা জজ আনোয়ার হোসেন জানান, তিনি দায়িত্বে থাকাকালে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত এক হাজার ৮৪৭টি ফৌজদারি এবং ১৯৫টি দেওয়ানি মামলা নিষ্পত্তি করেছেন।