চাঁপাইনবাবগঞ্জে আদিবাসীদের উন্নয়নে সহায়তা
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জলাহার আদিবাসী ভূমিহীন সমবায় সমিতির জন্য পাওয়ার টিলার ও শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ প্রকল্পের আওতায় গতকাল সোমবার এ সহায়তা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহামঞ্চদ মুনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কে এম কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরের ইউএনও চিত্রলেখা নাজনীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিলিম ইউপি চেয়ারম্যান তসিকুল ইসলামসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে মুনির হোসেন বলেন, পিছিয়ে থাকা নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে ২০১৩-১৪ অর্থবছরের জন্য এ সরকারি সহায়তা দেওয়া হয়েছে। এ পর্যায়ে আদিবাসী ভূমিহীন সমবায় সমিতির জন্য দুটি পাওয়ার টিলার ও ১৩৬ জন আদিবাসী শিক্ষার্থী তিন লাখ টাকার শিক্ষাবৃত্তি পেয়েছে।