চাঁপাইনবাবগঞ্জে এক ব্যক্তি গুলিবিদ্ধ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে গত রোববার রাতে দুর্বৃত্তদের গুলিতে আনোয়ারুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। গুলিবিদ্ধ আনোয়ারুল উপজেলার পুখুরিয়া গ্রামের বাসিন্দা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে কানসাট উচ্চবিদ্যালয়ের কাছে কয়েকজন দুর্বৃত্ত আনোয়ারুলকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। আনোয়ারুলের পায়ে গুলি লাগে। এ সময় স্থানীয় লোকজন আনোয়ারুলকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে একটি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, এ হামলায় কারা জড়িত, পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। এ ব্যাপারে আজ (সোমবার) বিকেল পর্যন্ত থানায় কেউ অভিযোগ বা মামলা করেনি।