চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুরে শিবির নেতা হাফিজুর রহমান ওরফে শাহীন হত্যার অভিযোগে তত্কালীন পুলিশ সুপার, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১৩ পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারিক হাকিমের আমলি আদালত ‘খ’ অঞ্চলে গত সোমবার মফিজুল ইসলাম নামের এক ব্যক্তি মামলাটি করেন। মামলার আরজিতে উল্লেখ করা হয়, চাঁপাইনবাবগঞ্জের তত্কালীন পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেন ও শিবগঞ্জ থানার ওসি ফজলুল হকের নির্দেশে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলীর নেতৃত্বে এসআই ওয়াহিদুজ্জামান, সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করীম, কনস্টেবল মাজহারুল ইসলামসহ একদল পুলিশ ১০ ফেব্রুয়ারি দিবাগত রাতে চৈতন্যপুরে বাদী মফিজুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। ওই রাতে শাহীন পুলিশের নির্দেশ অনুযায়ী বাদীর ঘর থেকে বের হয়ে আসেন। একপর্যায়ে কনস্টেবল মাজহারুল ইসলাম নিজের আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়ে শাহীনকে হত্যা করেন। আরজিতে আরও বলা হয়, এ ঘটনার আগের দিন শাহীন তাঁদের বাড়িতে বেড়াতে আসেন। নিহত শাহীন বাদীর ছেলে মাহফুজ পারভেজের বন্ধু ছিলেন। শিবির নেতা মাহফুজ পারভেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলার আসামি।চৈতন্যপুরে আত্মগোপনে থাকা শাহীনের গুলিবিদ্ধ লাশ ১০ ফেব্রুয়ারি দিবাগত রাতে পুলিশ উদ্ধার করে। শাহীন হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশ মাহফুজসহ তিন-চারজন শিবির নেতার বিরুদ্ধে মামলা করে।