চাঁপাইনবাবগঞ্জে এসপির বাসভবন লক্ষ্য করে ককটেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপারের বাসভবনে গত শনিবার রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ আহত হয়নি। এ ঘটনায় রাতেই পুলিশ ১১ জনকে আটক করে।
পুলিশ সুপার বশির আহম্মেদ জানান, রাত পৌনে ১১টার দিকে মোটরসাইকেলে এসে দুই যুবক বাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণে বাসভবনের দোতলার জানালার কাচ ভেঙে যায়। নিরাপত্তারক্ষীরা এ সময় দুর্বৃত্তদের লক্ষ্য করে তিনটি গুলি ছুড়লে দুর্বৃত্তরা মোটরসাইকেল ও হেলমেট ফেলে পালিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, পুলিশ সুপারের বাসভবনের সামনে থেকে অবিস্ফোরিত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেলের মালিকসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে।