চাঁপাইনবাবগঞ্জে এসিড ছুড়ে হত্যার মামলায় এক ব্যক্তির ফাঁসি
চাঁপাইনবাবগঞ্জে এক নারীকে এসিড ছুড়ে হত্যার মামলায় আখতারুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী এ রায় দেন। আখতারুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারি মহল্লায়।আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় জালমাছমারী গ্রামের তৌকিয়ারা (২০) বাড়ির বাইরে এলে আখতারুল তাঁকে লক্ষ্য করে এসিড ছোড়েন। এতে তৌকিয়ারার মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে নিহত ব্যক্তির বোন সুফিয়া খাতুন শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলায় বাদী উল্লেখ করেন, কুপ্রস্তার প্রত্যাখ্যান করায় আখতারুল তাঁর বোনকে এসিড নিক্ষেপ করেন।