চাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন, উপপরিদর্শক (এসআই) মনির হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল্লাহর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ এনে তাঁদের প্রত্যাহার দাবি করেছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতারা৷
এ দাবিতে তাঁরা গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন৷ এর অনুলিপি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), রাজশাহী বিভাগের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারকে দেওয়া হয়েছে৷
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ওসির দায়িত্ব নেওয়ার পর থেকে জসিম নানা অপকর্ম শুরু করেন৷ সম্প্রতি গ্রেপ্তার অভিযানের নামে তিনি নিরীহ লোকজন ও সাধারণ শিক্ষার্থীদের গ্রেপ্তার করে ঘুষ আদায় করছেন৷ এমনকি জামায়াত-বিএনপির নির্যাতনের শিকার হয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আইনের আশ্রয় নিতে গেলে তাঁদের কাছ থেকেও ঘুষ আদায় করছেন৷
এসব অপকর্মের প্রতিবাদে সচেতন ছাত্র জনতার ব্যানারে গত রোববার ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনের কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। সেখান থেকে সরে গিয়ে সবুজ সংঘের মোড়ে ছাত্ররা অবস্থান নিলে সেখানেও পুলিশ হামলা চালায়৷
এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুজ্জামানকে বেধড়ক লাঠিপেটা করে এসআই মনির ও এএসআই রফিকুল্লাহ৷ পরে ছাত্ররা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করতে গেলে সেখানেও হানা দেয় পুলিশ।
এ ব্যাপারে ওসি জসিম উদ্দীন বলেন, ছাত্রলীগ নেতাদের অবৈধ সুযোগ-সুবিধা না দেওয়ায় তাঁরা পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন৷ তাঁরা জামায়াতের চর হয়ে এসব করছেন৷