চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে সাত শিশু আহত
চাঁপাইনবাবগঞ্জে কুড়িয়ে পাওয়া একটি ককটেল বিস্ফোরণে সাত শিশু আহত হয়েছে। পৌর এলাকার নামোনিমগাছী এলাকায় গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
আহত শিশুরা হলো শাকিল (১০), মোস্তাকিম (১০), হাসান (৭), আলিম (৬), রাবেয়া (৯), মিষ্টি (৯) ও ওয়াকিল (১০)। তাদের সবার বাড়ি নামোনিমগাছী এলাকায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে নামোনিমগাছী এলাকায় একটি মসজিদের পাশে শিশুরা ক্রিকেট খেলছিল। একপর্যায়ে ক্রিকেট বল একটি ঝোপের মধ্যে পড়ে। সেখানে বল খুঁজতে গিয়ে শিশুরা একটি ককটেল পায়। লাল রঙের টেপ দিয়ে মোড়ানো ককটেলটি নাড়াচাড়ার একপর্যায়ে সেটি বিস্ফোরিত হয়। এতে সাত শিশু আহত হয়। তাৎক্ষণিকভাবে সবাইকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক শফিকুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে আহত শিশুদের এ হাসপাতালে আনা হয়। এদের পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ওয়াকিল হাসপাতালে ভর্তি আছে। গুরুতর আহত শাকিলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বোমা বিস্ফোরণে আহত হাসান জানায়, তারা নামোনিমগাছী মসজিদের পাশে একটি ফাঁকা স্থানে ক্রিকেট খেলছিল। এ সময় তাদের বলটি হারিয়ে যায়। বলটি খুঁজতে গিয়ে তারা ঝোপের মধ্যে একটি ককটেল পায়। লাঠি দিয়ে ককটেলটি নাড়াচাড়ার একপর্যায়ে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।
জানা যায়, ওই এলাকায় জামায়াত-শিবিরের অবস্থান শক্ত। হরতালে পিকেটিং করার সময় পুলিশের ধাওয়া খেয়ে কেউ সেখানে ককটেল ফেলে রেখে যেতে পারে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।