চাঁপাইনবাবগঞ্জে কয়েক হাজার গাছের আম নষ্ট
আধুনিক প্রযুক্তির ইটভাটার ধোঁয়ায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বেতবাড়িয়াবিল এলাকার কয়েক হাজার গাছের আম নষ্ট হয়ে যাচ্ছে। ওই এলাকায় ১১ হাজারের বেশি গাছ রয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।
পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা পেয়ে ওই এলাকায় জিগজ্যাগ কিলন (৫৫ ফুট উঁচু চিমনির) পদ্ধতির তিনটি ইটভাটা স্থাপন করা হয়েছিল বছর তিনেক আগে।
সম্প্রতি বেতবাড়িয়ার কয়েকটি আমবাগান ঘুরে দেখা গেছে, অন্যান্য এলাকার বাগানের তুলনায় এসব বাগানের আম আকারে ছোট। বহু আমের আকার বিকৃত হয়ে গেছে। আমের নিচের দিক ছুঁচালো হয়ে গেছে। এসব বাগানে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি আম ঝরে পড়ছে।
কৃষি সম্প্রসারণ বিভাগ, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক আবুল কালাম আজাদ জানান, বেতবাড়িয়া বিলের ইটভাটার ধোঁয়া বেতবাড়িয়া, গোহালবাড়ি, বারঘোরিয়া, লক্ষ্মীপুর, রামজীবনপুর ও টিকরা এলাকার আম বাগানগুলো আক্রান্ত হতে পারে। এসব এলাকায় আনুমানিক ১১ হাজার আমগাছ রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণাকেন্দ্রের (আম গবেষণাকেন্দ্র) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা জমির উদ্দীন প্রথম আলোকে জানান, ইটভাটার ধোঁয়ায় কার্বন মনোক্সাইড ও সালফার ডাই-অক্সাইড নির্গত হয়। এই ধোঁয়ার কারণে আমের সঠিক বৃদ্ধি হয় না। আম তিতা হয়ে যায়। আম ব্ল্যাকটিপ রোগে আক্রান্ত হয়।
বেতবাড়িয়ার বাগানমালিক লক্ষ্মীপুর গ্রামের আক্তারুল ইসলাম জানান, তিন বছরের জন্য বাগান বিক্রি করেছিলেন এক আত্মীয়ের কাছে। জিগজ্যাগ ভাটার ধোঁয়ায় আমের ফলন এমন কমেছে যে তিনি দুই বছর ধরে বাগানেই পা দেন না।
পরিবেশ অধিদপ্তর, রাজশাহীর ভারপ্রাপ্ত পরিচালক মিজানুর রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।