চাঁপাইনবাবগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে করোনায় সংক্রমিত ইসমাইল হোসেন (৭৩) নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ইসমাইল হোসেন চাঁপাইনবাবগঞ্জ শহরের লাখেরাজপাড়া মহল্লার বাসিন্দা। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাদিম সরকার।
আরএমও প্রথম আলোকে জানান, ইসমাইল হোসেন গত ১৯ জুলাই হাসপাতালে ভর্তি হন। ২০ জুলাই তাঁর নমুনা সংগ্রহ করা হয়। ২৭ জুলাই তাঁর কোভিড–১৯ শনাক্তের প্রতিবেদন পাওয়া যায়। তিনি শ্বাসকষ্ট নিয়ে বুধবার রাত ৯টার দিকে মারা যান।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শহরের খালঘাট গোরস্তানে তাঁকে বিধিমোতাবেক দাফন করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ শাখার লোকজন।
সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, এ নিয়ে জেলায় কোভিডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়। এর মধ্যে চারজন সদরের ও দুজন শিবগঞ্জের বাসিন্দা। তাঁদের মধ্যে তিনজনের মৃত্যুর পর কোভিড শনাক্ত হয়।