চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ফুটবল প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেন্দ্র অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ফুটবলপ্রীতি অন্য রকম। একটু অবসর পেলেই মেতে ওঠে ফুটবল নিয়ে। প্রায় প্রতিটি গ্রাম বা পাড়ারই রয়েছে নিজস্ব দল। এসব দল নিয়েই আয়োজন করা হয় প্রতিযোগিতা। এগুলো হয় নিজস্ব নিয়মে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে খেলা। দুটি দলের মধ্যে খেলার সময় এক ঘণ্টা। প্রতিযোগিতাগুলো হয় সাধারণত ৮ বা ১৬টি দল নিয়ে। ৮টি দল নিয়ে প্রতিযোগিতা হলে এক দিনে আর ১৬টি দল নিয়ে প্রতিযোগিতা হলে দুই দিনে তা শেষ হয়। চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করা হয়।

চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কৃত করা হয় গরু-মহিষ, খাসি, টেলিভিশন দিয়ে। কখনো দেওয়া হয় টাকাও। গ্রাম বা পাড়ার দলগুলোকে প্রতিটি বাড়ি থেকেই টাকা বা ধান-চাল দিয়ে সাহায্য করা হয়। দলের খেলা থাকলে গ্রামের নারী-পুরুষ ও শিশুরা দল বেঁধে খেলা দেখতে যায়। গ্রামের দল চ্যাম্পিয়ন হলে গ্রামে ফিরে এসে ভূরিভোজ করে, ঢোল-মাদল বাজিয়ে আনন্দ করে।

বরেন্দ্র অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ফিল্টি পাড়া স্পোর্টিং ক্লাব আটটি দল নিয়ে গতকালশুক্রবার ফিল্টি পাড়া মাঠে দিনব্যাপী এমনই এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর গ্রামগুলোর মধ্যে অংশ নেয় ফিল্টি পাড়া, চটিপাড়া আদর্শ গ্রাম, বাবুডাইং পূর্বপাড়া, বাবুডাইং গির্জাপাড়া, সিধনা, বিল বৈলঠা, শান্তিপাড়া ও চিকনা গ্রামের দল।

ফাইনাল খেলায় বিল বৈলঠা ২-১ গোলে সিধনা গ্রামের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। জয়ী দলের পক্ষে লক্ষ্মণ টুডু ও মেরাতুন হাঁসদা এবং সিধনা গ্রামের দলের পক্ষে রুবেল কিসকু গোল করেন। চ্যাম্পিয়ন দলকে তিন হাজার ও রানার্সআপ দলকে দুই হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।