চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার জোকার বিল এলাকায় বৃহস্পতিবার রাতে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। একই রাতে উপজেলার সাতরশিয়া গ্রামে ছিনতাইকারীদের হামলায় তিনজন আহত হয়েছেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার জোকার বিল এলাকায় ডাকাতদের কবলে পড়েন গোয়াবাড়ী-চাঁদপুর গ্রামের মাছ ব্যবসায়ী তৌহিদুল ও আজিজুর রহমান। ডাকাতদের হাঁসুয়ার আঘাতে আজিজুর রহমান আহত হন। এ সময় তাঁদের চিত্কারে এলাকার লোকজন ছুটে এসে ডাকাত আবদুল কুদ্দুসকে আটক করলেও তাঁর দুই সহযোগী পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন গণপিটুনি দিলে ঘটনাস্থলেই আবদুল কুদ্দুস মারা যান। আবদুল কুদ্দুস কালীচক বটতলা গ্রামের মাজেদ আলীর ছেলে। এ ব্যাপারে তৌহিদুল ইসলাম শিবগঞ্জ থানায় মামলা করেছেন। একই রাতে মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামে ছিনতাইকারীদের হামলায় একই গ্রামের তিন ভাই দুরুল হোদা, সুফিয়ান ও মাইনুল ইসলাম আহত হন। রাতে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা মোটরসাইকেলের গতিরোধ করে তাঁদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।